সম্মতি ছাড়াই ডেটা ‘হাতবদল করেছে’ ডিপসিক, উঠে এলো মারাত্বক অভিযোগ

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তাদের সম্মতি ছাড়াই সংগ্রহ করে তা অন্য কোম্পানির কাছে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অ্যাপ ডিপসিকের (DeepSeek) বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চীনা এই এআই স্টার্টআপটি দক্ষিণ কোরিয়ার বাজারে তাদের অ্যাপ যখন চালু ছিল, সেই সময় ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং তা অন্যত্র স্থানান্তর করেছে। দেশটির ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ এক বিবৃতিতে আরও বলেছে যে, গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় উন্মোচনের সময় ডিপসিক ব্যবহারকারীর অনুমতি না নিয়েই চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির কাছে তাদের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছে।

কমিশন বৃহস্পতিবার বলেছে, ডিভাইস, নেটওয়ার্ক এবং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের এআই প্রম্পটে থাকা তাদের কনটেন্টও ‘বেইজিং ভলকানো ইঞ্জিন টেকনোলজি কোম্পানি’র কাছে পাঠিয়েছে ডিপসিক।

এই অভিযোগের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ডিপসিকের মন্তব্যের অনুরোধ করা হলেও তারা সাড়া দেয়নি।

এদিকে, দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এই বিষয়ে আগেও পদক্ষেপ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে দেশটির নাগরিকদের জন্য ডিপসিক এআই অ্যাপের ডাউনলোড বন্ধ করে দেয় তথ্য সুরক্ষা কমিশন। ওই সময় কমিশন জানিয়েছিল যে, ডিপসিক স্বীকার করেছে তারা দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত কমিশনের নিয়ম মেনে চলেনি।

বৃহস্পতিবার কমিশন বলেছে, তারা ডিপসিকের জন্য সংশোধনমূলক একটি সুপারিশ জারির সিদ্ধান্ত নিয়েছে। এই সুপারিশের উদ্দেশ্য হলো, ভলকানো ইঞ্জিনে পাঠানো ব্যবহারকারীদের এআই প্রম্পট কনটেন্ট অবিলম্বে মুছে ফেলা নিশ্চিত করা এবং বিদেশে তাদের দেশের মানুষের ব্যক্তিগত তথ্য পাঠানোর বিষয়ে একটি আইনি নজির স্থাপন করা।

এ বিষয়ে ডিপসিক কমিশনকে জানিয়েছে যে, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই তারা ভলকানো ইঞ্জিনে তথ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা গত ১০ এপ্রিল থেকে ব্যবহারকারীদের এআই প্রম্পট কনটেন্ট পাঠানো বন্ধ করেছে।

এই ঘটনা বিশ্বজুড়ে এআই অ্যাপস এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে চলমান বিতর্কের নতুন মাত্রা যোগ করল। এটি ক্রস-বর্ডার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।