তীব্র দহনজ্বালায় পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি? রবিতেই ঝেঁপে বৃষ্টি !

একদিকে যখন উত্তরবঙ্গ ঝেঁপে বৃষ্টিতে ভিজছে এবং পার্শ্ববর্তী সিকিমে ভূমিধসের কারণে বহু পর্যটক আটকে পড়েছেন, ঠিক তখনই তীব্র দহনজ্বালায় পুড়ছে দক্ষিণবঙ্গ। চৈত্র শেষের এই সময় থেকেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বইছে তীব্র তাপপ্রবাহ। হাঁসফাঁস করা অসহ্য গরমে জনজীবন ওষ্ঠাগত হওয়ার উপক্রম, বাতাস কার্যত নিশ্চল, গাছের একটি পাতাও নড়ছে না।

কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে দক্ষিণবঙ্গবাসী এখন তীর্থের কাকের মত বৃষ্টির অপেক্ষায় আকাশপানে চেয়ে আছেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলিতে প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গ পেতে পারে কাঙ্ক্ষিত স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে এবং অস্বস্তিকর গরম থেকে মিলবে কিছুটা রেহাই। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য শনিবার রাত থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যা হয়তো কিছুটা হলেও স্বস্তি দেবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার এবং সোমবার মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া – এই সমস্ত জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই সময়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশেও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই পূর্বাভাস দক্ষিণবঙ্গবাসীর মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে এবং তারা অধীর আগ্রহে মেঘের আগমনের অপেক্ষা করছেন।