পাক সেনার কাছে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ছেলেকে ঘরে ফেরানোর কাতর আর্জি মায়ের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, ঠিক এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জওয়ান। জানা গেছে, হুগলির রিষড়ার সাউ পরিবারের ছেলে, বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউকে আটক করে রেখেছে পাক রেঞ্জার্স। তাঁর দ্রুত মুক্তির দাবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পাকিস্তান সেনার মধ্যে ফ্ল্যাগ মিটিং চললেও এখনও তাঁকে মুক্তি না দেওয়ায় চরম দুশ্চিন্তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

বিএসএফ সূত্রে জানা গেছে, পুর্নম কুমার সাউ পাঠানকোট সীমান্তে কর্তব্যরত ছিলেন। ডিউটি করার সময় হঠাৎ শরীর খারাপ লাগলে তিনি সীমান্তের কাছাকাছি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসেছিলেন। অসাবধানতাবশত তিনি যে ভুল করে পাকিস্তান সীমান্তে চলে গিয়েছেন, তা তিনি বুঝতে পারেননি। এরপরই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স।

রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায় পুর্নম কুমার সাউয়ের পৈতৃক ভিটা। বাড়িতে তাঁর স্ত্রী, সাত বছরের একমাত্র পুত্রসন্তান রয়েছে। এছাড়াও রয়েছেন তাঁর বাবা, মা এবং দাদা। পাক সেনার হাতে পুর্নম আটক হয়েছেন, এই খবর জানার পর থেকেই গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছেলের চিন্তায় মা অনবরত কেঁদে চলেছেন। পুর্নমের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা কাতরভাবে কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা জানিয়েছেন, পুর্নমকে পাক সেনার কবল থেকে নিরাপদে মুক্ত করার জন্য যেন দ্রুত সবরকম প্রয়োজনীয় এবং কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।

পুর্নমের স্ত্রী রজনী কান্নাভেজা চোখে সংবাদমাধ্যমকে বলেন, “মঙ্গলবার রাতেও ওঁর সঙ্গে কথা হয়েছে। তখন পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল, সে বিষয়েই কথা হচ্ছিল।” পরের দিন অর্থাৎ বুধবার সকালে তাঁর এক বন্ধু ফোন করে তাঁদের জানান যে পুর্নমকে পাকিস্তান সেনা আটক করেছে। এই খবর পাওয়ার পর থেকেই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। রজনী দেবী তাঁর স্বামীকে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান টানাপোড়েনের পরিস্থিতিতে এক ভারতীয় জওয়ানের পাকিস্তানে আটক হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই সব মহলে উদ্বেগ বাড়িয়েছে।