পোস্টারেই ‘ফাঁকিবাজি’! কার্তিকের পুরনো ছবি ব্যবহার করেই নাগজিলার পোস্টার, কটাক্ষ নেটিজেনদের!

বলিউডের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান সম্প্রতি তাঁর পরবর্তী বিগ বাজেট ছবি ‘নাগজিলা’-র ঘোষণা করেছেন। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই ফ্যান্টাসি ঘরানার ছবিটির প্রথম পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছে। তবে ছবি ঘোষণার পর দিন গড়াতে না গড়াতেই পোস্টারটি ঘিরে নেটপাড়ায় তীব্র কটাক্ষ ও সমালোচনা শুরু হয়েছে। কিন্তু কেন এই বিতর্ক?

জানা যাচ্ছে, ‘নাগজিলা’ ছবিতে কার্তিক আরিয়ানকে একজন ইচ্ছেধারী নাগের চরিত্রে দেখা যাবে। ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে এই পোস্টারটি মোটেই নতুন করে ডিজাইন বা শ্যুট করা হয়নি, বরং রীতিমতো ‘ফাঁকিবাজি’ করে তৈরি করা হয়েছে! তাঁদের অভিযোগ, কার্তিক আরিয়ানের একটি পুরনো ইনস্টাগ্রাম ছবিকে সামান্য এডিট করে এই নাগজিলার পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এতেই পোস্টারের মৌলিকত্ব এবং নির্মাতাদের পরিশ্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন একজন রেডইট ব্যবহারকারী কার্তিক আরিয়ানের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি পুরনো ছবির সাথে ‘নাগজিলা’ ছবির নতুন পোস্টারের তুলনা করে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে দুটি ছবির মধ্যে কতটা অদ্ভুত মিল রয়েছে। ব্যঙ্গ করে ওই ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, “তবে ধর্মা (ধর্মা প্রোডাকশন) কার্তিকের পুরনো ইনস্টাগ্রাম পোস্ট ব্যবহার করল নিজেদের ছবির পোস্টারের জন্য! করণ জোহরের টিম তবে একবারেই পরিশ্রম করা ছেড়ে দিয়েছে।”

পোস্টার ডিজাইন নিয়ে অন্যান্য নেটিজেনরাও তীব্র সমালোচনা করেছেন। একজন প্রশ্ন তুলেছেন, “এই ডিজাইন ইন্ডাস্ট্রি থেকে AI এর মহামারী কবে দূর হবে? এখন সব ছবির পোস্টার একই রকম দেখতে লাগে। আর সবটাই অতিরিক্ত AI ব্যবহারের ফলে।” অন্য একজন আরও সরাসরি লিখেছেন, “যতসব ফাঁকিবাজি কারবার!” কারোর মন্তব্য ছিল, “নিজেদের এই ছবি ঘোষণায় এত তাড়া ছিল যে আলাদা করে শ্যুট করার সময়ও পায়নি? ২০২৫ এ দাঁড়িয়ে ভিজ্যুয়াল এবং পোস্টার দুই অত্যন্ত জঘন্য। নামটাও একদম বিশ্রী।”

‘নাগজিলা’ ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান। তবে তাঁর বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। ছবিটি ২০২৬ সালের নাগ পঞ্চমীর শুভ দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। করণ জোহর, মহাবীর জৈন, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সুজিত জৈন এবং মৃগদীপ সিং লাম্বার মতো বলিউডের বেশ কয়েকজন পরিচিত প্রযোজক এই ছবিটির সাথে যুক্ত। ছবির নাম এবং প্রকাশিত মোশন পোস্টার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি একটি ফ্যান্টাসি ঘরানার ছবি হতে চলেছে, যেখানে ইচ্ছেধারী নাগ এবং ভারতীয় লোককথার মিশেল থাকবে।