রিতেশ দেশমুখের ছবির সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে মৃত্যু কোরিওগ্রাফার-নৃত্যশিল্পীর !

অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের নতুন ছবি ‘রাজা শিবাজি’র শ্যুটিং সেটে ঘটল এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। ছবির গানের দৃশ্যের শ্যুটিং চলাকালীন নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক তরুন কোরিওগ্রাফার-নৃত্যশিল্পীর। মহারাষ্ট্রের সাতার জেলার কৃষ্ণা নদীতে ঘটেছে এই দুঃখজনক ঘটনা। পুলিশ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
মৃত কোরিওগ্রাফার-নৃত্যশিল্পীর নাম সৌরভ শর্মা, তাঁর বয়স ছিল ২৬ বছর। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার সঙ্গম মাহুলি গ্রামে এই ঘটনা ঘটে। কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই গ্রামেই চলছিল ‘রাজা শিবাজি’ ছবির একটি গানের শ্যুটিং।
জানা গেছে, গানের শ্যুটিংয়ে রং ব্যবহারের একটি দৃশ্য ছিল। শ্যুটিং শেষে সৌরভ শর্মা কৃষ্ণা নদীতে যান হাতে লেগে থাকা রং ধুতে। হাত ধোয়ার পর তিনি সাঁতার কাটতে নামেন, কিন্তু দুর্ভাগ্যবশত নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান।
সৌরভ স্রোতে ভেসে যাওয়ার পরপরই শ্যুটিং ইউনিটের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত পুলিশ ও জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। নিখোঁজ নৃত্যশিল্পীকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় বেসরকারি উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করেন। মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হলেও, বুধবার সারাদিন ধরে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে কৃষ্ণা নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় দুই দিন পর তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘রাজা শিবাজি’ ছবিটি। এটি মারাঠি এবং হিন্দি – দুটি ভাষায় মুক্তি পাবে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রিতেশ দেশমুখ। শ্যুটিং সেটে এমন আকস্মিক ও দুর্ভাগ্যজনক ঘটনায় ছবির টিমের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।