‘সন্তানের জন্য প্ৰণাভিক্ষা চেয়েও লাভ হয়নি’, স্ত্রী-সন্তানের সামনেই নিহত বেঙ্গালুরুর প্রযুক্তি কর্মী !

কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলায় নিহত বেঙ্গালুরুর প্রযুক্তি কর্মী ভারত ভূষণের মৃত্যু পূর্বের ঘটনা শুনলে শিউরে উঠতে হয়। মৃত্যুর আগে তিনি জঙ্গিদের কাছে প্রাণভিক্ষা করেছিলেন। কিন্তু সেই প্রাণভিক্ষা ছিল নিজের জন্য নয়, তাঁর তিন বছরের ছোট্ট সন্তানের জন্য। কিন্তু তাঁর এই আকুতি মোটেই রেয়াত করা হয়নি। স্ত্রী এবং সন্তানের চোখের সামনেই তাঁকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। পেশায় চিকিৎসক তাঁর স্ত্রী সুজাতা ভূষণ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।
সুজাতা দেবী জানিয়েছেন, গত ১৮ এপ্রিল ছুটিতে তাঁরা কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এবং পহেলগাঁও ছিল তাঁদের সফরের শেষ গন্তব্য। অন্যান্য পর্যটকদের মতোই তাঁরা বৈসরন উপত্যকায় বেড়াতে যান। ভারত, সুজাতা এবং তাঁদের তিন বছরের সন্তান টাট্টু ঘোড়ায় চড়ে উপত্যকায় পৌঁছনোর পর আনন্দে সময় কাটাচ্ছিলেন। ছবি তুলছিলেন, সবুজ পরিবেশে ছোট্ট সন্তানের সঙ্গে খেলা করছিলেন, এমনকি মজা করে কাশ্মীরি পোশাকও পরেছিলেন তাঁরা।
সবকিছু যখন স্বাভাবিক চলছিল, তখনই আচমকা তাঁরা গুলির শব্দ শুনতে পান। প্রথমে তাঁরা ভেবেছিলেন হয়তো পাখি বা বন্য পশুদের তাড়ানোর জন্য এমন আওয়াজ করা হচ্ছে। কিন্তু ক্রমশ একটানা গুলির শব্দ বাড়তে থাকলে তাঁরা বুঝতে পারেন যে এটি সাধারণ ঘটনা নয়, জঙ্গি হামলা শুরু হয়েছে। চারপাশের খোলা বিস্তীর্ণ এলাকায় লুকিয়ে প্রাণ বাঁচানোর মতো জায়গা ছিল না। তবুও সকলে দৌড়াতে শুরু করেন এবং অনেকেই আশপাশে থাকা কিছু তাঁবুতে লুকিয়ে পড়েন। ভারত, সুজাতা এবং তাঁদের সন্তানও হামাগুড়ি দিয়ে একটি তাঁবুর আড়ালে আত্মগোপনের চেষ্টা করেন।
তাঁবুর আড়াল থেকেও তাঁরা জঙ্গিদের ভয়ঙ্কর তাণ্ডব দেখতে পাচ্ছিলেন। সন্ত্রাসীরা লোকজনকে ধরে প্রশ্ন করছিল এবং তারপরই সটান গুলি করে হত্যা করছিল। সুজাতা জানিয়েছেন, একটি জঙ্গি তাঁদের তাঁবুর কাছে এসে একজন লোককে টেনে বের করে কিছু কথা বলার পরই তাঁর মাথায় গুলি করে। শুধু একবার নয়, পরপর দু’বার বা তার বেশি গুলি করে। সুজাতা প্রথমে বুঝতে পারেননি জঙ্গিটি কী বলছিল। পরে শুনতে পান জঙ্গিটি একজন বয়স্ক ব্যক্তিকে বলছিল, “আমাদের বাচ্চারা যখন কষ্ট করছে, তখন তোমরা কীভাবে এমন ছুটি উপভোগ করছ? খবর দেখ না তোমরা? শুধু নিজেরা কেন এমন উপভোগ করবে?” এরপর ওই বয়স্ক ব্যক্তিকে এবং পরে আরও একজনকে মাথায় গুলি করে হত্যা করে জঙ্গিটি।
সুজাতার বর্ণনা অনুযায়ী, এরপর একটি জঙ্গি তাদের তাঁবুর কাছে আসে। সে সরাসরি তাঁর স্বামী ভারতের কাছে যায় এবং কোনও কথা না বলেই গুলি চালায়। তাঁর স্বামী ভারত সেই মুহূর্তে আকুতি জানিয়ে বলেছিলেন, “আমার একটা ছোট বাচ্চা আছে। দয়া করে আমাকে ছেড়ে দাও।” কিন্তু জঙ্গির মন গলেনি। অটোম্যাটিক বন্দুক তাক করে সে ভারত ভূষণের মাথায় গুলি করে এবং তারপর চলে যায়। স্ত্রীর চোখের সামনেই সন্তানের জন্য বাবার শেষ আকুতি এবং তারপর নৃশংস হত্যাকাণ্ড – এই ঘটনা পহেলগাঁও হামলার বর্বরতাকে আবারও সামনে এনেছে। এই মুহূর্তে সুজাতা তাঁর সন্তানকে নিয়ে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।