গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে, ফিরলেন কফিনে! পুরুলিয়ার মনীশের কফিনবন্দি দেহ ফিরতেই শোকে স্তব্ধ এলাকা

কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো পুরুলিয়ার ঝালদার ভূমিপুত্র মনীশ রঞ্জন মিশ্রার কফিনবন্দি মৃতদেহ অবশেষে তাঁর পৈতৃক বাড়িতে এসে পৌঁছেছে। প্রিয় ভূমিপুত্রের এমন মর্মান্তিক পরিণতিতে ঝালদা সহ গোটা দেশ শোকস্তব্ধ হয়ে রয়েছে। মনীশ রঞ্জন মিশ্রার বাড়িতে সকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে।

রাঁচি সিআরপিএফ ক্যাম্পে মনীশকে পূর্ণ সামরিক মর্যাদায় গার্ড অফ অনার জানানো হয়। সেখান থেকে পুরুলিয়া জেলা প্রশাসন বিশেষ এস্কর্টে করে তাঁর কফিনবন্দি মরদেহ ঝালদার বাড়িতে নিয়ে এসেছে। এই প্রক্রিয়ায় সাধারণ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মনীশ রঞ্জন মিশ্রার শেষকৃত্য ঝালদা শ্মশানে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ভূস্বর্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। যারা ভেবেছিলেন তিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করে আনন্দে ফিরবেন, সেই মানুষটি ফিরলেন কফিনবন্দি হয়ে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীরাও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

মনীশের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ঝালদা নাগরিক মঞ্চ। নিহত আইবি অফিসারের বাড়িতে শোক জ্ঞাপন এবং শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বহু মানুষ ভিড় করেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের নেতারাও মনীশের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁকে শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড় শোকের আবহকে আরও ভারাক্রান্ত করে তুলেছে।