পহেলগাঁও হামলার পর ‘পাল্টি’ লস্করের, বললেন ‘সব ভারতের নাটক’ !

কাশ্মীরের পহেলগামে গত ২২শে এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) দায় স্বীকার করেছিল। কিন্তু এই ঘটনার দুই দিন পর সম্পূর্ণ উল্টো কথা বললেন লস্কর-ই-তৈবা প্রধান সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি, যিনি এই হামলাকে ‘সব ভারতের নাটক’ বলে আখ্যা দিয়েছেন।

একটি ভিডিও বার্তায় লস্কর প্রধান সইফুল্লা খালিদ পহেলগাঁও জঙ্গি হামলার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, ভারত নিজেই এই হামলা চালিয়েছে শুধুমাত্র পাকিস্তানের সুনাম নষ্ট করার জন্য। তিনি জোর দিয়ে বলেছেন যে এই ঘটনার জন্য পাকিস্তান কোনোভাবেই দায়ী নয়। (তবে এই ভিডিও বার্তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।)

উল্লেখ্য, সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান এবং ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকাতেও তার নাম রয়েছে। ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য পাকিস্তানে তার বিশেষ পরিচিতি রয়েছে। এর আগেও একাধিকবার সে ভারত বিরোধী মন্তব্য করেছে। তবে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলার আসল মাস্টারমাইন্ড সইফুল্লা খালিদ। তার নির্দেশেই ৫ থেকে ৬ জন জঙ্গি ভরদুপুরে বৈসরন উপত্যকায় ওই হামলা চালিয়েছিল এবং গোটা হামলার পরিকল্পনা সে পাকিস্তানে বসেই করেছিল।

পাকিস্তানের সেনা বাহিনীর সঙ্গে সইফুল্লা খালিদের গভীর যোগসূত্র রয়েছে। পহেলগাঁও হামলার প্রায় দু’মাস আগে পাকিস্তানের পাঞ্জাবের কাঙ্গলপুরে পাক সেনাবাহিনীর একটি বড় ব্যাটালিয়নে বক্তৃতা করতে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, সেনাকর্মীদের মনোবল বাড়ানোর জন্য পাক সেনার কর্নেল জাহিদ জারিন তাকে সেখানে ডেকেছিলেন। সেনা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ভারত বিরোধিতা, যেখানে সে ভারতীয় সেনা বাহিনীর উপর হামলার পরামর্শ দিয়েছিল এবং কাশ্মীর দখলের হুমকি দিয়েছিল।

অন্যদিকে, হামলার পরপরই লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন এবং ভারত সরকার কর্তৃক ২০২৩ সালে নিষিদ্ধ ঘোষিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) দায় স্বীকার করেছিল বলে ভারতীয় সেনা জানিয়েছে। এখন লস্কর প্রধানের এই দায় অস্বীকার ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।