উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই ! শহিদ এক জওয়ান, দুর্গম জঙ্গলে তীব্র লড়াই চলছে এখনও

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলছে। এই এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর এক বীর জওয়ান শহিদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সূত্র অনুযায়ী, উধমপুরের যে নির্দিষ্ট এলাকায় এই সংঘর্ষ চলছে, সেটি অত্যন্ত দুর্গম এবং ঘন জঙ্গলে ঢাকা। প্রাকৃতিক এই প্রতিকূলতা অভিযান চালানোর পক্ষে যথেষ্ট কঠিন। এলাকার জঙ্গলের ভেতরে অনেক প্রাকৃতিক গুহা রয়েছে, যা জঙ্গিদের লুকিয়ে থাকার জন্য আদর্শ স্থান। এই কারণে সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ধীর গতিতে তাদের অভিযান পরিচালনা করছিল।
কিন্তু এর মধ্যেই জঙ্গিদের অতর্কিত আক্রমণের মুখে পড়েন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গিদের গুলিতে একজন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন এবং পরে তিনি শহিদ হন বলে নিশ্চিত করা হয়েছে।
এলাকাটিকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান এবং জঙ্গিদের নির্মূল করার প্রক্রিয়া এখনও চলছে। বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।