পহেলগাঁও হিন্দু গণহত্যায় ক্ষুব্ধ অনুপম খের, ‘কাশ্মীর ফাইলস সামান্য আঁচ ছিল’

‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি কাশ্মীরি পন্ডিতদের দুর্দশা এবং লড়াইয়ের গল্প তুলে ধরেছিলেন। কিন্তু মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনা কোনও সিনেমা ছিল না, ছিল ঘোর বাস্তব। মঙ্গলবারের সকালটা যখন শুরু হয়েছিল, তখন কেউ ভাবতেও পারেননি, দিনের শেষটা এত তিক্ত, এত ভয়াবহ হবে। রক্তস্নাত পহেলগাঁও। অথচ মঙ্গলবার দুপুর পর্যন্তও সব ঠিকঠাকই ছিল। কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমা যাপনে, কেউ বা পরিবারকে নিয়ে একটু ভালো সময় কাটাতে। কাশ্মীরে এখন টিউলিপের ভরা মরশুম, তাই প্রত্যেক বছরের মতোই হাজার হাজার পর্যটকের ভিড় জমেছিল সেখানে। কিন্তু মঙ্গলবার দুপুরেই সবকিছু বদলে গেল। ভয়াবহ জঙ্গি হামলায় মিনি সুইজারল্যান্ডখ্যাত পহেলগাঁও এখন দুঃস্বপ্নের আর এক নাম। কাশ্মীরে জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই স্মৃতি, সেই ছবি, সেই আলোচনা সাধারণ মানুষকে একটুও শান্তি দিচ্ছে না। নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনা কেউ যেন ভুলতে পারছেন না। কাশ্মীরে এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬, আহত হয়েছেন আরও অনেকে। আর এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
অনুপম খের এই ঘটনায় তাঁর গভীর দুঃখ, ক্রোধ এবং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “পহেলগাঁও-তে হিন্দুদের যেভাবে গণহত্যা করা হয়েছে, ২৭ জন হিন্দুকে বেছে বেছে খুন করা হয়েছে, তাতে মনখারাপ তো বটেই, কিন্তু ক্রোধ আর ক্ষোভের কোনও সীমা পরিসীমা নেই। জীবনে অনেক এমন ঘটনা দেখেছি। কাশ্মিরী হিন্দুদের সঙ্গে কাশ্মীরে এটাই হয়।” তিনি আরও বলেন, “‘কাশ্মীর ফাইলস’ ছবিটাও এই সমস্ত ঘটনার একটা হালকা আঁচকে নিয়েই তৈরি হয়েছিল। কিন্তু সেই সময়ে অনেকেই ছবিটাকে প্রচারমূলক বলে নিন্দা করেছিলেন। কিন্তু এখন, ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা যে সমস্ত মানুষ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন, তাঁদের ধর্ম বেছে বেছে তাঁদের মারা… আমার বর্ণনা করার ভাষা নেই। মাঝে মাঝে পরিস্থিতি বর্ণনা করতে ভাষাও কম পড়ে। যা অনুভূতিতে আসে, তা মুখে কখনও বলা যায় না।”
প্রসঙ্গত, ‘কাশ্মীর ফাইলস’ ছবিতে এমন একটি হিন্দু পরিবারের মর্মান্তিক গল্প দেখানো হয়েছিল, যারা কাশ্মীরে থাকতেন এবং জঙ্গি হামলায় তাঁদের জীবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। পহেলগাঁওয়ের ঘটনা যেন আরও একবার সেই ভয়ংকর বাস্তবকেই সামনে নিয়ে এল।