পহেলগাঁও হামলা কাপুরুষোচিত, দায়ীদের কঠোরতম শাস্তি হবে: সুকান্ত মজুমদার

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং দায়ীদের কঠোরতম শাস্তির হুঁশিয়ারি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মঙ্গলবার রাতেই এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তিনি নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

ডঃ সুকান্ত মজুমদার তাঁর বার্তায় লিখেছেন, “কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর নৃশংস ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। ভারত সরকার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও লেখেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অটল অঙ্গীকার দৃঢ় এবং কেবল আরও শক্তিশালী হবে। এই ধরনের সহিংসতা ও ঘৃণার কাজ কখনও তাদের ঘৃণ্য উদ্দেশ্য অর্জনে সফল হবে না।” তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “এই কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজের জন্য দায়ীদের কঠোরতম পরিণতি ভোগ করতে হবে। কোনও দায়মুক্তি থাকবে না।”