কাশ্মীর হামলাকে ‘হিংসা’ বলায় মমতাকে তোপ দাগলেন তরুণজ্যোতি, ‘সন্ত্রাসকে আড়াল করছেন’

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা (Kashmir Terror Attack) নিয়ে বর্তমানে সরগরম গোটা দেশ। এখনও অবধি এই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাংলার তিনজনের নাম রয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন। এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে মুখ্যমন্ত্রী ‘কাশ্মীর হিংসা’ বলে উল্লেখ করতেই তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ তরুণজ্যোতির!

বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লেখেন, ‘আমাদের কাছে আসা সাম্প্রতিক খবর অনুযায়ী, দুর্ভাগ্যজনক কাশ্মীর হিংসায় আমাদের রাজ্যের তিন জন প্রয়াত হয়েছেন’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন তরুণজ্যোতি। “এই তোষণের রাজনীতিকে ধিক্কার জানাই”, নিজের পোস্টে লিখেছেন এই বিজেপি নেতা।

এদিন দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মুখ্যমন্ত্রীর পোস্টের স্ক্রিনশন শেয়ার করে লেখেন, ‘সন্ত্রাসকে হোয়াইটওয়াশ করা বন্ধ করুন। এটা ‘কাশ্মীর হিংসা’ ছিল না, এটি ইসলামিক সন্ত্রাসবাদী হামলা ছিল’।

তরুণজ্যোতি দাবি করেন, হামলাকারীরা হিন্দুদের কলমা পড়তে বলেছিল এবং পড়তে না পারায় গুলি করে খুন করা হয়েছে। তিনি লেখেন, ‘এটি পূর্ব পরিকল্পিত, হিন্দু বিরোধী গণহত্যা’।

এরপর বেশ কিছু প্রশ্নও তোলেন বিজেপি (BJP) নেতা। তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে কেন ভয় পাচ্ছেন? ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ এই শব্দবন্ধ কেন উচ্চারণ করতে পারছেন না তিনি? কারণ ওনার ভোটব্যাঙ্কে উগ্র ইসলামপন্থী সহানুভূতিশীলরা রয়েছেন। নিরীহ বাঙালিদের হত্যা করা হলেও উনি তাদের অসন্তুষ্ট করার সাহস দেখাবেন না’।

এদিন ফের একবার ‘তোষণের রাজনীতি’ নিয়ে মমতাকে খোঁচা দিয়েছেন তরুণজ্যোতি (Tarunjyoti Tewari)। বিজেপি নেতা লেখেন, ‘এই তোষণের রাজনীতিকে ধিক্কার জানাই। জিহাদি বর্বরতার মুখে এই নীরবতাকে ধিক্কার জানাই। আমরা আপনার ফাঁপা শব্দ চাই না, আমাদের বিচার চাই। শত্রুদের নাম নিন, নির্যাতিতদের পাশে দাঁড়ান, নাহলে রাস্তা থেকে সরে যান’।