“সব চক্রান্ত ফাঁস করে দেব…”-মে মাসেই মুর্শিদাবাদ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকা পরিদর্শনে মে মাসের প্রথম সপ্তাহে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের একটি সভা থেকে তিনি নিজেই এই ঘোষণা করেন। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুর্শিদাবাদের গোলমালের পিছনে বহিরাগতদের হাত রয়েছে। ঘটনার আসল কারণ শীঘ্রই প্রকাশ্যে আনা হবে বলেও তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, “অশান্তি হয়েছে, যা দুঃখজনক। সরকার গোলমাল চায় না। মুর্শিদাবাদের ধুলিয়ানে দুটো ওয়ার্ডে অশান্তি হয়েছে। তাও করেছে বহিরাগতরা। কীভাবে কী চক্রান্ত করেছে, তা সব ফাঁস করে দেব।”

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি, তাঁদের আর্থিক সহায়তার ঘোষণাও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি করে দেব। দোকানও যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সার্ভে করা হচ্ছে। মে মাসের প্রথমে যাব ওখানে আমি, তখন সব করে দিয়ে আসব। নিশ্চিন্তে থাকতে পারেন।”

উল্লেখ্য, গত রবিবার রাতে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওড়িশা থেকে ৬ জনকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। জাফরাবাদের জোড়া খুনের ঘটনার সঙ্গে ধৃতদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, মুর্শিদাবাদের ধুলিয়ান ও সামশেরগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ঘরছাড়া বাসিন্দাদের ঘরে ফেরানো হচ্ছে। টানা ১০ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে উপদ্রুত এলাকার অধিকাংশ স্কুল খুলে গিয়েছে। এলাকায় এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কিছুটা হলেও স্বস্তি এনেছে। তবে, বহিরাগতদের জড়িত থাকার অভিযোগ এবং ঘটনার প্রকৃত কারণ প্রকাশের প্রতিশ্রুতি মুর্শিদাবাদের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য সকলের নজর এখন সেদিকেই।