Weather: আবহাওয়ার বিরাট বদল, বাংলার ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জেনেনিন আপডেট

রবিবার দুপুরে বামফ্রন্টের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ। তবে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেই দিন বিকেলেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসছে ভারী বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের প্রায় সকল জেলাতেই সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক হতে পারে। তবে এর পাশাপাশি ফের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিতও রয়েছে। মঙ্গলবার ও বুধবার নাগাদ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম ছিল। এই স্বল্পস্থায়ী স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, সমুদ্র এবং উপকূলবর্তী এলাকাতেও আবহাওয়ার প্রভাব অনুভূত হচ্ছে। সেখানে ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং দমকা হাওয়ার গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণ হিসেবে একাধিক আবহাওয়াজনিত পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও, ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখা এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই সকল কারণের সম্মিলিত প্রভাবেই রাজ্যে এখনও বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।