মেয়েদের পিরিয়ডের ব্যথাকে তুচ্ছ করে দেখা পুরুষদের তীব্র সমালোচনা জাহ্নবীর, বললেন…

অভিনেত্রী জাহ্নবী কাপুর ঋতুস্রাবের ব্যথাকে উপেক্ষা করা পুরুষদের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “তাঁরা নিজেরাই এই ব্যথা সহ্য করতে পারবেন না।” জাহ্নবী ব্যাখ্যা করেছেন, পিরিয়ডের ব্যথা কীভাবে মহিলাদের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে এবং কেন কিছু পুরুষ বিষয়টিকে লঘুভাবে দেখেন।
হাউটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী উল্লেখ করেন, অনেক সময় মহিলারা উত্তেজিত হলে বা নিজেদের মতামত জোরালোভাবে প্রকাশ করলে, পুরুষরা সেই ‘মুড সুইং’-কে ঋতুস্রাবের দোহাই দিয়ে উড়িয়ে দেন। এই প্রসঙ্গে সরব হয়ে জাহ্নবী বলেন, “যদি আমি তর্ক করার চেষ্টা করি বা আমার বক্তব্য তুলে ধরি, তখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষ জিজ্ঞাসা করছেন ‘এটা কি মাসের সেই সময়?’ যদি সত্যিই আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে জিজ্ঞাসা করুন, ‘আপনার কি কিছুটা সময়ের প্রয়োজন, এটা কি মাসের সেই সময়?’ সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, প্রায়শই এক মিনিটের প্রয়োজন হয়, কারণ আমাদের হরমোনগুলি সব সময় নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে ব্যথার মধ্য দিয়ে যাই, সেটা একবার অনুভব করতে পারলে…”
অভিনেত্রী আরও জোরের সঙ্গে বলেন, “অনেকেই মাসিকের বিষয়টা অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে দেখেন। তবে এক্ষেত্রে আমি জোরের সঙ্গে বলতে চাই, যে ছেলেরা মেয়েদের ঋতুস্রাবের ব্যথা তুচ্ছ করে, তারা এরকম যন্ত্রণা এবং মুড সুইং সহ্য করতে পারবে না। পুরুষদের পিরিয়ড হলে দেখা যেত পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।” জাহ্নবীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বহু মহিলার সমর্থন লাভ করেছে।
কাজের ফ্রন্টে, ২০২৪ সালে জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’ এবং ‘দেবরা: পার্ট ১’ – এই তিনটি ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র শ্যুটিংয়ে ব্যস্ত। ২০২৫ সালে ‘পরম সুন্দরী’ নামে তাঁর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও, জাহ্নবী ‘পেদ্দি’ ছবির মাধ্যমে তেলেগু সিনেমায় ফিরছেন। ‘বুচি বাবু সানা’ পরিচালিত এই ছবিতে রাম চরণ, শিব রাজকুমার, দিব্যেন্দু শর্মা এবং জগপতি বাবুকেও দেখা যাবে। ‘পেদ্দি’ ২০২৬ সালের ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।