মাঝ রাতে ভেঙে পড়লো চারতলা বিল্ডিং, মৃত ৪, আহত ১৪, ধ্বংসস্তূপের নীচে আটকে আরও অনেকে! ভিডিও

উত্তর পূর্ব দিল্লির মুফতাফাবাদে শনিবার ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভোর ৩টে নাগাদ একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে। এই ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন।

বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-কেও।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে চারজনের দেহ উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, ভেঙে যাওয়া বিল্ডিংয়ের নীচে এখনও ৮ থেকে ১০ জন মানুষ আটকে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী জিটিপি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কী কারণে এই চারতলা বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমরা রাত ২টো ৫০ মিনিট নাগাদ একটি ফোন পাই। ঘটনাস্থলে এসে আমরা দেখি যে পুরো বিল্ডিংটাই মাটিতে মিশে গেছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে ছিলেন। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করি এবং তা এখনও চলছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বেশ পুরনো ছিল এবং নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দমকল ও এনডিআরএফ কর্মীরা আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বহু মানুষ উদ্ধারকাজের আশেপাশে ভিড় করছেন।