২০০০ টাকার বেশি UPI লেনদেন করলেই দিতে হবে ১৮ শতাংশ GST, কি বলছেন অর্থ মন্ত্রক?

ইউপিআই (UPI) লেনদেন আর বিনামূল্যে নয়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই ১৮ শতাংশ জিএসটি (GST) দিতে হবে। এই খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু সত্যি কি সরকার অনলাইন লেনদেনে জিএসটি বসাচ্ছে? অবশেষে এই বিষয়ে মুখ খুলল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
অর্থ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০০০ টাকার বেশি লেনদেনের উপরে ১৮ শতাংশ জিএসটি বসানোর কোনও ঘোষণা করা হয়নি। ইউপিআই লেনদেনের উপর জিএসটি বসানোর যে খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। সাধারণ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনও জিএসটি নেওয়া হয় না।
অতীতে অনলাইন লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর মতো কিছু নির্দিষ্ট চার্জের উপর জিএসটি ধার্য করা হত। তবে, ২০২০ সালের জানুয়ারি মাসেই মার্চেন্ট টু মার্চেন্ট (Merchant to Merchant) লেনদেনের ক্ষেত্রে এমডিআর সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। ফলে, বর্তমানে এর উপরেও কোনও জিএসটি প্রযোজ্য নয়।
অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, দেশে ইউপিআই লেনদেনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৯-২০ সালে যেখানে অনলাইন লেনদেনের মোট অঙ্ক ছিল ২১.৩ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬০.৬৫ লক্ষ কোটি টাকায়। ডিজিটাল লেনদেনের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে সরকার উৎসাহিত করে এবং এর উপর কোনও অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা নেই বলেই জানিয়েছে মন্ত্রক।
সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের যে খবরটি ছড়িয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। সাধারণ মানুষ নিশ্চিন্তে ইউপিআই ব্যবহার করতে পারেন, এর জন্য কোনও অতিরিক্ত কর দিতে হবে না।