দীর্ঘ প্রতীক্ষার অবসান! শনিবার কাটরা-শ্রীনগর রুটে ছুটতে পারে বন্দে ভারত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ছুটতে চলেছে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। তারিখ নিয়ে নানা জল্পনা থাকলেও, শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার, ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন হতে পারে।
বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজের উপর দিয়ে প্রথমবারের মতো কাশ্মীরের বুকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনের আগে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন দেখার বিষয়, শনিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারিভাবে বন্দে ভারতের চাকা কাশ্মীরের মাটিতে গড়ায় কিনা।
জম্মু-কাটরা-শ্রীনগর (Katra-Srinagar) বন্দে ভারত এক্সপ্রেস কাটরা থেকে যাত্রা শুরু করবে। বর্তমানে জম্মু রেলওয়ে স্টেশনে সংস্কারের কাজ চলছে এবং সেই কাজ শেষ হলেই ট্রেনটি তার নির্ধারিত পথে চলাচল শুরু করবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, পাঁচ বছরের কম বয়সের শিশুদের জন্য বন্দে ভারত ট্রেনে যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে হবে। তবে আলাদা করে সিটের প্রয়োজন হলে পুরো ভাড়া দিতে হবে।
মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। শুধু তাই নয়, ট্রেনের চূড়ান্ত ভাড়ার তালিকাও রেলের পক্ষ থেকে দ্রুত প্রকাশ করা হবে বলে ওই সংবাদমাধ্যম দাবি করেছে। জানা গিয়েছে, ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে উত্তর রেলওয়ে (NR) ডিভিশন।
কাটরা-বারামুলা রুটে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সফল হয়েছে। রেলের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার জানুয়ারিতে কাটরা এবং কাশ্মীরের মধ্যে ট্রেন পরিষেবা চালুর অনুমোদন দিয়েছেন। দফায় দফায় ট্রায়াল রান সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বেশ কিছু কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হয়েছে।
ওই রেল আধিকারিক আরও জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে জম্মু ও শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। অনেক কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।