চিন্নাস্বামীতে আজ চাহাল বনাম কোহলি দ্বৈরথ! জয়ের লক্ষ্যে RCB-র মুখোমুখি পঞ্জাব

আইপিএল ২০২৫-এর শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। আকাশছোঁয়া দামে কিনলেও প্রথম কয়েকটি ম্যাচে যুজবেন্দ্র চাহালের ফর্ম ছিল বেশ হতাশাজনক। এতটাই খারাপ যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে দিয়ে মাত্র এক ওভার বল করিয়েছিলেন। তবে যুজবেন্দ্র চাহাল যে একজন ম্যাচ উইনার, তা গত ম্যাচেই পঞ্জাব কিংস প্রমাণ করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও চাহালের ঘূর্ণিতে ভর করে অসাধ্য সাধন করে পঞ্জাব। ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই লেগ স্পিনার।

এই দুরন্ত পারফরম্যান্সের পর চাহাল আত্মবিশ্বাসে ভরপুর। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই আজ তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামবেন। এই মাঠ সাধারণত স্পিনারদের জন্য দুঃস্বপ্নের হলেও, এই প্রতিপক্ষ এবং এই পিচ চাহালের খুব চেনা। এই মাঠেই নিজের প্রতিভা দেখিয়ে তিনি চাহাল থেকে তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল হয়ে উঠেছিলেন। তাঁর ঘূর্ণিতে ব্যাটসম্যানদের কুপোকাত হতে দেখে বহুবার আনন্দ ও উচ্ছ্বাসে ভেসেছে চিন্নাস্বামীর গ্যালারি। তবে আজ তাঁর লক্ষ্য সেই চিন্নাস্বামীর দর্শকদের নীরব করে দেওয়া।

তিনি আর RCB-র তারকা নন, বরং আজ বিরাট কোহলিদের দলের সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির স্পিনের বিরুদ্ধে দুর্বলতা কারোরই অজানা নয়। সেখানে চাহালের মতো বিশ্বমানের স্পিনার পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের তুরুপের তাস হতে পারেন। শুধু তাই নয়, আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা এই দুই দলের কাছেই আজকের ম্যাচটি জিতে শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে। ফলে দুই দলই আজ বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও খুব বেশি পার্থক্য নেই। এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচের মধ্যে পঞ্জাব ১৭টি এবং RCB ১৬টি ম্যাচে জয় পেয়েছে। তাই আজ এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করাই যায়।

আজকের আইপিএল ম্যাচে কারা মুখোমুখি?

আজকের আইপিএল ম্যাচে রজত পাতিদারের নেতৃত্বাধীন RCB মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের।

কোথায় খেলা হবে RCB বনাম পঞ্জাব কিংসের আইপিএলের ম্যাচটি?

RCB বনাম পঞ্জাব কিংসের মধ্যে আজকের ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কখন শুরু হবে RCB বনাম পঞ্জাব কিংসের আইপিএলের ম্যাচটি?

আজ রবিবার, ১৮ই এপ্রিল আইপিএলে RCB বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে।

কোথায় দেখবেন RCB বনাম পঞ্জাব কিংসের ম্যাচ?

RCB বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে দর্শকরা জিও সিনেমা অ্যাপে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।