চাকরিহারাদের নিয়ে গান বেঁধে বিপাকে মণীন্দ্র বর্মন, ঠিক কী ঘটেছে শিল্পীর সঙ্গে? পুলিশের ভয়ে ঘরছাড়া!

গানের জগতে উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী মণীন্দ্র বর্মন তাঁর স্বতন্ত্র কণ্ঠের জন্য পরিচিত। সম্প্রতি ২০১৬ সালের এসএসসি প্যানেলে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি গান বেঁধেছিলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে এবার সেই গান ঘিরেই চরম বিপাকে পড়েছেন এই শিল্পী।
সূত্রের খবর, চাকরিহারাদের নিয়ে গান বাঁধার কারণে রাজ্য সরকারের রোষের মুখে পড়েছেন মণীন্দ্র বর্মন। তাঁর গানের একটি বিশেষ লাইন, “ও পিসি যা খুশি তাই করছ চুরি, রাজ্যটা তোর বাপের নাকি?” – এই অংশটি ভাইরাল হতেই শিল্পী বড়সড় বিপদের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে পুলিশ এসে চড়াও হয়েছে এবং মাথাভাঙা থেকে পুলিশ এসে তাঁকে শাসিয়ে গিয়েছে। এই বিষয়ে শিল্পীর বাবা নারায়ণ চন্দ্র বর্মন জানান, পুলিশ তাঁদের বাড়িতে এসে ছেলেকে সোশ্যাল মিডিয়া থেকে গানটি মুছে ফেলতে বলেছে। এমনকি থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
অন্যদিকে, পুলিশের খোঁজের ভয়ে গা-ঢাকা দিয়েছেন মণীন্দ্র বর্মন। তিনি অভিযোগ করেছেন, তাঁর প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই পুলিশ তাঁকে হেনস্থা করছে। যদিও মাথাভাঙার পুলিশ সুপার এই বিষয়ে কোনও খবর জানেন না বলে জানিয়েছেন। কোন থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল, সে বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এমনকি তিনি এও বলেন, “উনি যদি আইনত কোনও অপরাধ না করে থাকেন, তাহলে নিজের বাড়িতে নির্ভয়ে থাকতে পারেন।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি বাংলার ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। যোগ্য-অযোগ্য নির্বিশেষে একসঙ্গে এত সংখ্যক শিক্ষকের চাকরি যাওয়ায় রাজ্য সরকার তীব্র অস্বস্তিতে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে মানবিক ভাবে থাকার বার্তা দিলেও, ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। এর মধ্যেই মণীন্দ্র বর্মনের এই ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।