মুর্শিদাবাদের ঘটনায় কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ, ‘অ্যাকশনে’ NIA?

কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের পরিস্থিতি। বিএসএফ ও আধাসেনা মোতায়েন করেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় এলাকা। তবে এই অস্থির পরিস্থিতিতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন এবং সম্পত্তিরও ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। উল্লেখ্য, আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। তবে এদিন আদালত জানায়, এই মুহূর্তে এনআইএ তদন্তের প্রয়োজন নেই।
গ্রেফতার কতজন: মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, জঙ্গিপুর পুলিশ জেলায় এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ৩৮টি পরিবার ঘরছাড়া হলেও তারা ইতিমধ্যেই নিজেদের ঘরে ফিরে এসেছেন। এমনকি তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপও করা হয়েছে বলে তিনি জানান।
আদালতের নির্দেশ: এনআইএ তদন্তের বিষয়ে আদালত স্পষ্ট জানিয়েছে, এখনই এর প্রয়োজন নেই। কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর পরই মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। এই কমিটিতে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে একজন করে সদস্য থাকবেন।
এই কমিটি মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘরছাড়া মানুষদের চিহ্নিত করবে এবং তাঁদের সম্পত্তির ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এছাড়াও, কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেই তথ্য সংগ্রহ করবে এবং যেসব ক্ষতিগ্রস্তরা এখনও এফআইআর দায়ের করতে পারেননি, তাঁদের আইনি সহায়তা প্রদান করবে এই কমিটি।