৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য কোন পথে? CBI-চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ধাক্কা এখনও কাটেনি। একসঙ্গে ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর এবার আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে রাজ্যের প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে। কারণ, ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ এই শিক্ষকদের নিয়োগও দুর্নীতির অভিযোগে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। ২০১৪ সালে টেটের মাধ্যমে এই ৩২ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
সিবিআই-এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য:
২০১৪ সালের টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য-সহ একাধিক জনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। সিবিআই-এর দাবি, এই দুর্নীতির মূলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে টেট পরীক্ষা হওয়ার পর ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশিত হয়। এরপর ২০১৭ সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল, তখন বহু চাকরিপ্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানান যে একটি বিশেষ প্রশ্নের দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল। ২০১৭ সালের ২০ নভেম্বর পর্ষদের তরফে একটি রেজোলিউশন পাশ করে বলা হয়, যাঁরা উত্তর ‘B’ লিখেছিলেন, তাঁদেরকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হবে।
সিবিআই তাদের ১০ পাতার চার্জশিটে দাবি করেছে, এই অতিরিক্ত এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই ব্যাপক দুর্নীতি হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই এক নম্বরের ভিত্তিতে বহু অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। এমনকি, ২০১৭ সালের ৩০ নভেম্বর আরেকটি রেজোলিউশন পাশ হয়, যেখানে ২৭০ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। সিবিআই-এর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ওই ২৭০ জনের নাম, রোল নম্বর এবং বাবার নাম রেজোলিউশনে উল্লেখ করা হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। পর্ষদও এর কোনও রেকর্ড রাখেনি বলে সিবিআই সূত্রে খবর। পরবর্তীতে এই ২৭০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয় এবং ২০১৭ সালের ৪ ডিসেম্বর তাঁদের নিয়োগপত্র ইস্যু করা হয়।
সিবিআই-এর চার্জশিটে আরও দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের ষড়যন্ত্রে এক নম্বর বাড়িয়ে মোট ২৬৪ জন চাকরিপ্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে। তদন্তে বহু চাকরিপ্রার্থীর দেওয়া মোবাইল নম্বরের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি বলেও সিবিআই জানিয়েছে।
এসএসসি-র পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আদালতের উপর নির্ভর করছে। শিক্ষক ও চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। আদালতের রায়ের দিকেই এখন সকলের নজর।