ভূমিকম্পের সময় বাতাসে ভাসবে বাড়ি, অবাক করা প্রযুক্তি আবিষ্কার, কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

সম্প্রতি মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পপ্রবণ দেশ জাপানও বারবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। তবে এবার ভূমিকম্পের হাত থেকে বাঁচতে এক অত্যাশ্চর্য প্রযুক্তি আবিষ্কার করেছে জাপান। জাপানি কোম্পানি এয়ার ড্যানশিন এমন এক সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা ভূমিকম্পের সময়ও মানুষকে নিরাপদে রাখবে।
এই প্রযুক্তির বিশেষত্ব হল, ভূমিকম্পের সময় বাড়ি মাটি থেকে কয়েক সেন্টিমিটার উপরে উঠে যাবে! আকাশ কুসুম মনে হলেও এটাই সত্যি। আসলে, এমন এক প্রযুক্তি নির্ভর ঘর তৈরি করা হবে যা স্বাভাবিক সময় ভূমিতেই স্থির থাকবে। কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস পেলেই এই প্রযুক্তি সক্রিয় হয়ে উঠবে এবং মুহূর্তের মধ্যে ঘরটিকে মাটি থেকে সামান্য উপরে তুলে ধরবে। ফলে ভূমিকম্পের কম্পন বাড়ির কাঠামোয় পৌঁছাতে পারবে না।
এয়ার ড্যানশিন সিস্টেমস ইনকর্পোরেটেডের উদ্ভাবিত এই প্রযুক্তি ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে বিশেষ এয়ারব্যাগগুলিকে ফুলিয়ে তুলবে। এর ফলে সম্পূর্ণ বাড়িটি মাটি থেকে প্রায় ৩ সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠে যাবে। মাটি ও ঘরের মধ্যে কোনও সরাসরি সংযোগ না থাকায় ভূমিকম্পের প্রভাব পড়বে না। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্প শুরু হওয়ার মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই এই প্রযুক্তি কাজ করা শুরু করে দেয়। ভূমিকম্প থেমে গেলে, এয়ারব্যাগগুলির বাতাস ধীরে ধীরে বেরিয়ে যাবে এবং ঘরটি আবার আগের মতো মাটিতে বসে যাবে।
এই যুগান্তকারী প্রযুক্তিটি ২০২১ সালে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কয়েকটি বাড়ির ভিতরে এই সিস্টেমটি স্থাপন করা হয়েছিল। ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পেও এই কৌশল কার্যকর প্রমাণিত হয়। যে বাড়িগুলিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেগুলির কোনওরকম ক্ষতি হয়নি।
মায়ানমারের সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর ভূমিকম্পপ্রবণ জাপানেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাপান সরকার ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করে উপকূলবর্তী এলাকায় ব্যাপক সুনামির সম্ভাবনাও উল্লেখ করেছে। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে। তবে জাপানের এই নতুন প্রযুক্তি সেই ভয়াবহ বিপদ থেকে বহুলাংশে রক্ষা করতে পারে বলে আশা করা যাচ্ছে। এই অভিনব আবিষ্কার ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকা অন্যান্য দেশের জন্যও নতুন দিশা দেখাতে পারে।