পয়লা বৈশাখেও হিট ‘কিলবিল সোসাইটি’, পাঁচ দিনে আয় ১.২৫ কোটি

পয়লা বৈশাখের প্রাক্কালে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কিলবিল সোসাইটি’। মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা হলে ভালো সাড়া ফেলেছে এই ছবি। নববর্ষের দিনেও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সৃজিত ও কৌশানির এই সিনেমা।

‘WBBO: West Bengal Box Office’-এর রিপোর্ট অনুযায়ী, ১১ এপ্রিল মুক্তির প্রথম দিনে ‘কিলবিল সোসাইটি’ ১১.৫০ লাখ টাকার ব্যবসা করে। এরপর শনিবার ছবির আয় প্রায় দ্বিগুণ হয়, যা ছিল ২৪.২৫ লাখ টাকা। রবিবারও একইরকম ব্যবসা করে ছবিটি, আয় ছিল ২৪.২৫ লাখ টাকা। অর্থাৎ, প্রথম সপ্তাহান্তে ‘কিলবিল সোসাইটি’-র মোট আয় দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা।

শুধু সপ্তাহান্তেই নয়, সপ্তাহের প্রথম দিনেও বক্স অফিসে ছবির গতি বজায় ছিল। সোমবার ‘কিলবিল’-এর সংগ্রহ ছিল ১৮.১২ লাখ টাকা। পয়লা বৈশাখের দিন, অর্থাৎ মঙ্গলবার ছবিটি আরও ভালো ব্যবসা করে, আয় হয় ৩৭.০৭ লাখ টাকা। এই নিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনেই ‘কিলবিল সোসাইটি’ মোট ১.২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

‘কিলবিল সোসাইটি’ সিনেমা প্রসঙ্গে:

সৃজিত মুখোপাধ্যায়ের জনপ্রিয় সিনেমা ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েল হল ‘কিলবিল সোসাইটি’। ছবির গল্পের অনুপ্রেরণা প্রসঙ্গে সৃজিত জানিয়েছিলেন, এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি একসময় তাঁর বাঁচার ইচ্ছে চলে যাওয়ার কথা বলেছিলেন এবং ঠিক করেছিলেন, নিজেকে মারার দায়িত্ব দেবেন কোনো সিরিয়াল কিলারকে। যদিও পরবর্তীতে তিনি সেই ভাবনা থেকে সরে আসেন, তবে সৃজিতের মনে সেই ভাবনা গভীর দাগ কাটে।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন ও বিশ্বনাথ বসু। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করেছেন সৃজিত ও কৌশানি। এমনকি, পরমব্রত ও কৌশানির জুটি বাঁধাও এই প্রথম।

সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা মুক্তি পেলেই দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে ‘হেমলক’-এর রেশ থাকায় ‘কিলবিল’-এর প্রতি দর্শকের আলাদা আগ্রহ ছিল। মুক্তির পর অনেকেই দাবি করছেন, সৃজিত আবারও একটি দারুণ সিনেমা উপহার দিয়েছেন এবং বক্স অফিসে তার প্রভাব স্পষ্ট।

হিন্দুস্তান টাইমস বাংলার রিভিউতে ‘কিলবিল’ প্রসঙ্গে লেখা হয়েছে, ‘তবে অভিনেতারা যতই ভালো কাজ করুন আগেও বলেছি, আবারও বলছি এই ছবির নায়ক এক এবং অদ্বিতীয় সৃজিত মুখোপাধ্যায়। কৌশানি-পরমের দুর্দান্ত রোম্যান্স, রসায়ন, অভিনয় বলুন বা বিশ্বনাথের ফাটাফাটি মজা সবের পিছনে ‘ছড়ি হাতে’ দাঁড়িয়ে থাকা মাস্টারমশাই ওরফে সৃজিত মুখোপাধ্যায়কে দেখতে বা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি।’

বক্স অফিসের এই প্রাথমিক সাফল্যের পর নির্মাতারা আশাবাদী যে, আগামী দিনেও ‘কিলবিল সোসাইটি’ দর্শকদের মন জয় করে আরও ভালো ব্যবসা করবে।