“ঘরের মতো কোনো জায়গা হয় না”-মহাকাশ গিয়ে গান গেয়ে পৃথিবীতে ফিরলেন কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি মহাকাশ ভ্রমণ করে এলেন। ধনকুবের জেফ বেজসের সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ শেপার্ড’ রকেটে চড়ে মহাকাশে যান তিনি। এই ঐতিহাসিক সফরে পেরির সঙ্গী ছিলেন আরও পাঁচজন নারী। মহাকাশযাত্রার ইতিহাসে এই প্রথম কোনো মিশনে শুধুমাত্র নারীরা অংশগ্রহণ করলেন।

কেটি পেরি ছাড়াও এই সর্ব-নারী ক্রুতে ছিলেন জেফ বেজসের বাগদত্তা লরেন সানচেজ, খ্যাতনামা সংবাদকর্মী গাইল কিং, আইনজীবী অ্যামান্ডা নুয়েন, নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী আইশা বোয়ি এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়েন ফ্লিন।

সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্লু অরিজিনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘নিউ শেপার্ড’ রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই মহাকাশযানটি মোট ১১ মিনিট শূন্যে অবস্থান করে এবং ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছেছিল। এই অভূতপূর্ব অভিজ্ঞতার সময় কেটি পেরি তার সহযাত্রীদের সঙ্গে নিয়ে নিজের জনপ্রিয় গান ‘হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ পরিবেশন করেন।

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর কেটি পেরি আবেগাপ্লুত হয়ে প্রথমে মাটিতে চুমু খান। হাঁটু গেড়ে বসে পরম ভালোবাসার স্পর্শে মাটি অনুভব করেন তিনি। এরপর সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘ঘরের মতো কোনো জায়গা হয় না।’ এর মাধ্যমে ঘরে ফেরার শান্তি ও তৃপ্তির অনুভূতি প্রকাশ করেন এই পপ তারকা।

মহাকাশযান থেকে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেটি পেরি জানান, তার চার বছর বয়সী কন্যা ডেইজির জন্যই তিনি এই বিশেষ সফরে গিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে শুরু করে ব্লু অরিজিন এ পর্যন্ত ১০টি ফ্লাইটে মোট ৫২ জন মানুষকে মহাকাশ ভ্রমণ করিয়েছে। প্রথম মিশনে স্বয়ং সংস্থার মালিক জেফ বেজসও অংশ নিয়েছিলেন। তবে এইবারের সর্ব-নারী ক্রু মহাকাশযাত্রার ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করলো।