Weather: ৫০-৬০ কিমি বেগে ঝড় আসছে, জেনেনিন কবে কোন জেলায়? বিশেষ বুলেটিন হাওয়া অফিসের

সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর ফের রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল। বুধবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, কিছু এলাকায় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়েই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়াও এর ব্যতিক্রম নয়। বুধবার শহরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে, তাপমাত্রায় তেমন বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। অন্যদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম ছিল।

আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের জন্য বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সকল জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। এই সময় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।