Weather: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কেমন থাকবে গ্রীষ্মের তাপমাত্রা? জেনেনিন কী বলছে পূর্বাভাস?

চড়া রোদের সকালের পর বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে দেখা গেল মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সপ্তাহজুড়ে তাপমাত্রার ওঠানামা বজায় থাকবে।
আজ বুধবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-সহ বিভিন্ন জেলায় বুধবার থেকেই বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে, যা আগামী সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এছাড়া, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।