নববর্ষের আনন্দে ফের আতঙ্ক! জাদুঘরের পর কলকাতার স্কুলে বোমা হামলার হুমকি ইমেল, তদন্তে পুলিশ

নববর্ষের উৎসবের আবহের মধ্যেই ফের বোমাতঙ্ক ছড়িয়েছে কলকাতায়। ইন্ডিয়ান মিউজিয়ামের পর এবার শহরের চারটি নামকরা স্কুলে ইমেলের মাধ্যমে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন।

লালবাজার সূত্রে খবর, গত সোমবার একটি ইমেল আসে। বিদেশি আইপি অ্যাড্রেস থেকে আসা সেই ইমেলে দাবি করা হয়, শহরের চারটি স্কুলের ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। তবে, সোমবার স্কুলগুলিতে ছুটি থাকায় বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, “রাজ্যের একাধিক জায়গায় অশান্তি চলছে। এই পরিস্থিতিতে ফের নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায়, তার জন্যই এই বিষয়টি গোপন রাখা হয়।”

কলকাতা পুলিশের এসটিএফের এক আধিকারিক জানান, ওই হুমকি ইমেলে ব্রাজিলের জঙ্গিদের কথাও উল্লেখ করা হয়েছে। তবে, এই জঙ্গিরা কারা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মেলের প্রেরক কে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান ওই আধিকারিক। পুলিশ সূত্রে খবর, মেলগুলি বিদেশি আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। তবে, ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। লালবাজার সূত্রে আরও খবর, এই ঘটনায় আলাদাভাবে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

স্কুলে বোমা রাখার হুমকির খবর জানাজানি হতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুল কর্তৃপক্ষও। তাই, মঙ্গলবার স্কুল খোলার পরই ওই স্কুলগুলিতে পৌঁছায় বম্ব স্কোয়াড। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে, লালবাজারের দাবি, নিছক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এর আগে পাঠানো হুমকি মেলগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল। তবে, এই প্রথমবার দেশের বাইরে থেকে পাঠানো হুমকি মেল ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় যৌথভাবে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। হুমকি মেলের নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।