প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন জনপ্রিয় ইউটিউবারের! দেহ ছুড়ে ফেলল নর্দমায়!

স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা কাল হল হরিয়ানার হিসারের প্রেমনগরের বাসিন্দা প্রবীণের (৩৫)। অভিযোগ, প্রবীণকে শ্বাসরোধ করে খুন করেছেন তাঁর স্ত্রী রবিনা (৩২) এবং সুরেশ নামে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বছর দেড়েক ধরে সুরেশের সঙ্গে ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাচ্ছিলেন রবিনা। তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের এতে তীব্র আপত্তি ছিল। কিন্তু তার পরেও কনটেন্ট তৈরি বন্ধ করেননি তাঁরা। মনে করা হচ্ছে, এই ভিডিও তৈরির সূত্রেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হয়।

ছোট ছোট ভিডিও এবং নাচের রিলের মাধ্যমে ইনস্টাগ্রামে ৩৪ হাজারের বেশি ফলোয়ার তৈরি করেছিলেন রবিনা। ইউটিউবে তাঁর ভিডিও সিরিজে অন্যান্য শিল্পীও থাকতেন। ভিডিও তৈরিতে এতটাই মগ্ন ছিলেন রবিনা যে পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি কনটেন্ট তৈরি চালিয়ে যান এবং এই নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বহুবার ঝগড়া হয়।

পুলিশ সূত্রে খবর, গত ২৫ মার্চ প্রবীণ তাঁর স্ত্রী রবিনা এবং সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এর পরেই স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। অভিযোগ, এরপর রবিনা এবং সুরেশ মিলে ওড়না দিয়ে শ্বাসরোধ করে প্রবীণকে হত্যা করে। পরিবারের সদস্যরা প্রবীণের বিষয়ে জানতে চাইলে রবিনা কিছুই জানেন না বলে ভান করেন বলে অভিযোগ।

এরপর সেই রাতেই, প্রায় রাত আড়াইটা নাগাদ তাঁরা প্রবীণের মৃতদেহ একটি বাইকে করে নিয়ে যান এবং রবিনার বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে দিন্নোদ রোডের পাশে একটি নর্দমায় ফেলে দেন। ২৮ মার্চ প্রবীণের পচন ধরা দেহ উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত এক ব্যক্তি বাইকে করে আসছে এবং মুখ ঢাকা রবিনা বাইকের পিছনের আসনে বসে আছেন। তাঁদের দুজনের মাঝে রাখা ছিল প্রবীণের নিথর দেহ। প্রায় দু’ঘণ্টা পর, একই আরোহীর সঙ্গে একই বাইকে করে বাড়ি ফিরে আসেন রবিনা। তবে সেই সময় তাঁদের মাঝে মৃতদেহটি আর ছিল না।

গ্রেফতারের পর রবিনা এবং সুরেশ দু’জনেই এখন পুলিশি হেফাজতে। এদিকে, রবিনা এবং প্রবীণের ছয় বছরের ছেলে এখন তার ঠাকুরদা সুভাষ এবং কাকা সন্দীপের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে প্রেমিককে সঙ্গে নিয়ে মুসকান নামে এক মহিলা তার স্বামীকে খুন করে এবং খুনের পর মৃতদেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হরিয়ানার হিসারে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল।