OMG! কুয়োয় পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, মৃত্যুর মুখ থেকে বাঁচতেই বললেন ‘চা খাব’

পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পাণ্ডুয়ায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।জল তুলতে গিয়ে একটি পুরোনো কূপে পড়ে যান ৮৫ বছর বয়সি বৃদ্ধা শোভারানি বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় জলে ভাসতে থাকার পরেও দমকল কর্মীরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধার প্রথম কথা ছিল, ‘চা খাব।’

গত শনিবার সকালে পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোভারানি বন্দ্যোপাধ্যায় তার স্বামীর মৃত্যুর পর বাড়িতে একা থাকতেন। তার একমাত্র পুত্র কলকাতায় বসবাস করেন। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় নিয়মিতভাবে তার খোঁজখবর নিতেন এবং তাকে খাবার দিয়ে যেতেন। শনিবার সকালে বর্ণালী যখন শোভারানির বাড়িতে যান, তখন তিনি তাকে খুঁজে পাননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের দিকে একটি পুরোনো কূপে তাকিয়ে বর্ণালী দেখতে পান যে শোভারানি জলে পড়ে আছেন। তৎক্ষণাৎ তিনি স্থানীয় লোকজনকে ডাকেন এবং পুলিশ ও দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়ে পাণ্ডুয়া থানা ও বৈঁচী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দমকল কর্মীরা কূপে মই নামিয়ে সাবধানে শোভারানিকে উপরে তোলেন। এরপর দ্রুত তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর যখন শোভারানির জ্ঞান ফেরে, তখন তিনি নার্সদের দিকে তাকিয়ে শান্তভাবে বলেন, ‘চা খাব।’ এই কথা শুনে হাসপাতালে উপস্থিত চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা কিছুটা হেসে ফেলেন। একইসঙ্গে আশপাশের উদ্বিগ্ন মানুষজনও স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

প্রতিবেশীরা এই ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করছেন। তাদের মতে, “এত বয়সে, এতক্ষণ জলে পড়ে থেকেও জীবিত থাকা সত্যিই অবিশ্বাস্য। আমরা সবাই ওনার দ্রুত সুস্থতা কামনা করছি।” শোভারানির এই অদম্য জীবনশক্তি এবং জ্ঞান ফেরার পরেই চায়ের আবদার যেন সকলের মুখে হাসি ফুটিয়ে তুলেছে।