১৩,৫০০ কোটির প্রতারণা করেছিলেন, অবশেষে গ্রেফতার পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ প্রতারণা মামলার মূল অভিযুক্ত, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি অবশেষে গ্রেফতার হয়েছেন। শনিবার বেলজিয়াম থেকে তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। শীঘ্রই তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআই জানিয়েছে, ২০১৮ ও ২০২১ সালে মুম্বইয়ের আদালত মেহুল চোকসির বিরুদ্ধে যে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তার ভিত্তিতেই বেলজিয়ামে ৬৫ বছর বয়সী এই হিরে ব্যবসায়ীকে পাকড়াও করা হয়েছে। বর্তমানে তিনি বেলজিয়ামের জেলেই রয়েছেন। তবে সূত্রের খবর, মেহুল চোকসি স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে জামিনের আবেদন করতে পারেন।
মেহুল চোকসি সিবিআই ও ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাঁর বিরুদ্ধে পিএনবি-র মুম্বইয়ের ব্রাডি হাউস শাখা থেকে ভুয়ো লেটার অব আন্ডারটেকিং (এলওইউ) ও ফরেন লেটার অব ক্রেডিট (এলসি) দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঋণ কেলেঙ্কারিতে তাঁর ভাইপো নীরব মোদীও অভিযুক্ত। নীরব বর্তমানে লন্ডনে রয়েছেন এবং ভারত সরকার তাঁকে দেশে ফেরানোর জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছে।
২০১৮ সালের জানুয়ারি মাসে মেহুল চোকসি ও নীরব মোদী দুজনেই দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক সপ্তাহ পর দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কের এই বিশাল আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। ততদিনে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন।
গত মাসেই বেলজিয়ামের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে মেহুল চোকসি আত্মগোপন করে রয়েছেন। তাঁর স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক হওয়ায়, সেই সূত্রে তিনি বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলেন। যদিও মেহুল চোকসির কাছে অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব রয়েছে। ২০২১ সালে একবার তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হলে তিনি সেখান থেকে পালিয়ে ডমিনিকায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানিয়েছিলেন যে মেহুল চোকসির ২২ হাজার ২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রতারণার অর্থ পুনরুদ্ধারের জন্য সেগুলি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। মেহুল চোকসির গ্রেফতারি ভারতের তদন্তকারী সংস্থাগুলির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া শুরু করা যাবে।