ছেলের জীবন রক্ষায় কঠিন ব্রত পালন পবন কল্যাণের স্ত্রীর, তিরুপতি মন্দিরে মুণ্ডণ !

এক ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের পুত্র মার্ক শঙ্কর। সন্তানের মঙ্গল কামনায় কঠিন সিদ্ধান্ত নিলেন পবন কল্যাণের স্ত্রী তথা মার্ক শঙ্করের মা আন্না লেঝনেভা। তিনি সম্প্রতি তিরুমালা তিরুপতি মন্দিরে গিয়ে পুত্র মার্কের জন্য নিজের চুল দান করেছেন। রবিবার আন্না দেবস্থানম পরিদর্শন করেন এবং সেখানে বিশেষ পুজোয় অংশ নেন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পবন কল্যাণের জনসেনা পার্টি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, “ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আন্না পদ্মাবতী কল্যাণ কট্টায় তাঁর চুল উৎসর্গ করেছেন এবং বিশেষ পুজোয় অংশগ্রহণ করেছেন।” প্রেস বিজ্ঞপ্তি এবং তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) সূত্রে জানা গেছে, রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান আন্না মন্দিরের কর্মকর্তাদের উপস্থিতিতে গায়ত্রী সদনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। মন্দিরে প্রবেশ এবং আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের আগে তিনি পুনরায় ভগবানের প্রতি নিজের বিশ্বাস স্থাপন করেন। এরপর, তিনি মন্দিরে প্রবেশ করে দেবের আশীর্বাদ গ্রহণ করেন।

সূত্রের খবর, সিঙ্গাপুরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্ক শঙ্করের হাত পুড়ে যায় এবং তার ফুসফুসেও ধোঁয়া প্রবেশ করে। এরপর মার্ককে সিঙ্গাপুরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর পবন কল্যাণ সংবাদমাধ্যমকে জানান যে, ধোঁয়ার কারণে ফুসফুসের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তার ছেলের ব্রঙ্কোস্কোপি করাতে হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক দুর্ভাগ্যজনকভাবে এক শিশুর মৃত্যুও হয়েছে। গত ১৩ই এপ্রিল পবন কল্যাণ তার পুত্রকে নিয়ে হায়দরাবাদে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, তিনি তার ছেলে মার্ককে বিমানবন্দর থেকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্না এবং কন্যা পোলেনা অঞ্জনা পাভালোভা। পবন কল্যাণ পরবর্তীতে তার ছেলের হাসপাতালে ভর্তির সময় যারা পাশে ছিলেন, সেই সকল অনুরাগী, সহকর্মী এবং দলের সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সন্তানের জীবন রক্ষা পাওয়ায় মায়ের এই কঠিন ব্রত পালন বহু মানুষের হৃদয় ছুঁয়েছে।