কোন জেলায় কত ‘যোগ্য-অযোগ্য’, চাকরিহারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চাইল বিকাশ ভবন

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে চাকরি হারানোদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, সেই সংক্রান্ত জেলাভিত্তিক তালিকা চেয়েছে বিকাশ ভবন। সম্প্রতি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী দুই মাসের সময় চেয়েছিলেন। একই সুর শোনা গিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও। সেই বৈঠকের কয়েক দিন কাটতে না কাটতেই এবার যোগ্য ও অযোগ্যদের বাছাই প্রক্রিয়ায় সক্রিয় হল শিক্ষা দফতর।

বিকাশ ভবন সূত্রে খবর, এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘অযোগ্য’ এবং ‘চিহ্নিত নয়’ (যাদের যোগ্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে) এমন চাকরিহারাদের জেলার ভিত্তিতে আলাদা তালিকা চেয়েছে শিক্ষা দফতর। এর আগে এসএসসি রাজ্যভিত্তিক এমন একটি তালিকা শিক্ষা দফতরে জমা দিয়েছিল। এবার সেই তালিকার পরিবর্তে জেলাওয়াড়ি তথ্য চাইল বিকাশ ভবন।

সূত্রের আরও খবর, এসএসসি যত দ্রুত এই জেলাভিত্তিক তালিকা বিকাশ ভবনে পাঠাবে, তত দ্রুত জেলায় জেলায় থাকা ডিআই (জেলা বিদ্যালয় পরিদর্শক) বা স্কুল পরিদর্শকদের সেই তথ্য ধরে কাজে লাগাবে শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জেলাজুড়ে চিহ্নিত করা হবে চাকরিহারাদের।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সময় আইনি পথে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি, তিনি তাদের জানিয়েছিলেন যে যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে এসএসসি। আইনি দিক থেকে সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার, অর্থাৎ ২১ এপ্রিল সেই তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়াও, রাজ্য সরকার যে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, সেই বিষয়েও তিনি চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন।

এই জেলাভিত্তিক তালিকা তলবের ঘটনায় চাকরিহারাদের মধ্যে ফের তৎপরতা দেখা যাচ্ছে। একদিকে যেমন যোগ্য প্রার্থীরা দ্রুত নিয়োগের আশা দেখছেন, তেমনই যাদের নাম ‘চিহ্নিত নয়’ তালিকায় থাকতে পারে, তাদের মধ্যে অনিশ্চয়তা বজায় রয়েছে। এখন দেখার, এসএসসি কত দ্রুত এই তালিকা শিক্ষা দফতরে পাঠাতে পারে এবং তার ভিত্তিতে শিক্ষা দফতর কী পদক্ষেপ নেয়।