অমিতাভের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, এটা কি সত্যি? সাংবাদিকদের জবাবে যা বলেছিলেন জয়া

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের দীর্ঘ এবং সফল দাম্পত্য জীবন বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে। ৫০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে পথ হেঁটেছেন। তবে একটা সময় এমন গুজব ছড়িয়েছিল যে, অমিতাভ ও জয়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে। সেই কঠিন সময়ে জয়া বচ্চনের একটি স্পষ্ট উত্তর সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছিল।

ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে, যখন জয়া বচ্চন হল্যান্ডে এক অনুরাগীর মুখোমুখি হয়েছিলেন। সেই অনুরাগী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী হয়ে একটি প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, ‘আমি জানি না, এখনও এটা নিয়ে আলোচনা হয় কি না। আমি হল্যান্ডে থাকি। এখানে দেশি গুজব শুনতে পাই। সম্প্রতি শুনেছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন, এটা কি সত্যি?”

জয়া বচ্চন তাঁর স্বভাবসিদ্ধ স্পষ্টবাদী ভঙ্গিতে সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেই দিন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের সেই দিন একই বাড়িতে পাবেন।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি। তাঁদের বিয়ে ছিল ঘরোয়া অনুষ্ঠান, যেখানে কেবল ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরাই উপস্থিত ছিলেন। যদিও তাঁদের বিবাহ হওয়ার কথা ছিল অক্টোবর মাসে। কিন্তু একসঙ্গে লন্ডন ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকায় তাঁরা বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন। লন্ডন যাওয়ার মাত্র সাত দিন আগে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। জয়া বচ্চনের সেই সময়ের দেওয়া স্পষ্ট উত্তর আজও তাঁদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ দেয়।