পয়লা বৈশাখে ব্যাবসার উন্নতি চান? এই প্রতিকারগুলিতেই লুকিয়ে উন্নতি

পয়লা বৈশাখ মানেই বাঙালির নববর্ষের আনন্দ। এই দিনে সকলে নতুন করে শুরু করতে চান, আর ব্যবসায়ীরাও ব্যতিক্রম নন। দোকানে নতুন খাতা খোলা থেকে শুরু করে লক্ষ্মী-গণেশের পুজো করা – সবকিছুই ব্যবসার উন্নতির কামনায় করা হয়। চলতি বছর ১৫ এপ্রিল পালিত হবে এই বিশেষ দিনটি। জ্যোতিষশাস্ত্র মতে, পয়লা বৈশাখে কিছু বিশেষ প্রতিকার করলে ব্যবসায় উন্নতি ও লাভ বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি:
যদি আপনি ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতি লাভ করতে চান, তবে পয়লা বৈশাখের ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর আপনার বাড়ি ও ব্যবসার স্থান পরিষ্কার করুন। সাতটি অথবা নয়টি আমপাতা পরিষ্কার জল বা গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। তাতে তেল, সিঁদুর ও হলুদ লাগিয়ে সেই আমপাতাগুলি আপনার ব্যবসার স্থানে টাঙিয়ে দিন। এরপর ধূপকাঠি জ্বালান এবং লক্ষ্মী ও গণেশের পুজো করুন। এটি করলে ব্যবসায় উন্নতি এবং আর্থিক সংকট দূর হবে বলে মনে করা হয়।
এই বিশেষ দিনে আপনার ক্যাশ বাক্সের উপরে কিছুটা সরষে রাখুন। সম্ভব হলে তার সঙ্গে কিছুটা হলুদও রাখুন। সাদা সরষে রাখতে পারলে আরও ভালো। এটি ব্যবসায় লাভ ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়।
ব্যবসার উন্নতি চাইলে পয়লা বৈশাখের দিনে ধুনোর সঙ্গে কর্পূর, তেজপাতা ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে সারা বাড়িতে ঘোরান এবং ব্যবসার স্থানেও পোড়ান। এটি ব্যবসার স্থানের সমস্ত অশুভ শক্তি ও কুদৃষ্টি দূর করে এবং ব্যবসার উন্নতিতে সাহায্য করে।
জীবনে সফলতা অর্জন করতে ও ব্যবসার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে চাইলে পয়লা বৈশাখের দিনে কড়ি, হলুদ, সুপারি ও আতপ চাল একটি পরিষ্কার কাপড়ে বেঁধে আপনার ব্যবসার কোনও গোপন স্থানে রেখে দিন। এমন জায়গায় রাখুন যেখানে সহজে কারও চোখে না পড়ে। চাইলে এটি আপনি আপনার ক্যাশ বাক্সের মধ্যেও রাখতে পারেন। এটি ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধি এনে দেবে বলে বিশ্বাস করা হয়।
পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি নতুন আশা ও সম্ভাবনার দিন। এই দিনটিতে এই ছোট ছোট প্রতিকারগুলি মেনে চললে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে এবং আপনি লাভবান হবেন, এমনটাই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।