হোয়াটসঅ্যাপে এলো নতুন চমক, চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার হলো যুক্ত

বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর পছন্দের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একগুচ্ছ নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা এই নতুন ফিচারগুলোর বিস্তারিত জানিয়েছে, যা ব্যবহারকারীর চ্যাট, কল এবং চ্যানেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

এই আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো গ্রুপ চ্যাটের ‘অনলাইন’ ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে এখন সহজেই জানা যাবে কোন গ্রুপ সদস্য এই মুহূর্তে অনলাইনে সক্রিয় রয়েছেন। এর পাশাপাশি এসেছে কাস্টম নোটিফিকেশন অপশন। ব্যবহারকারীরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী নোটিফিকেশন সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। চাইলে সব বার্তার নোটিফিকেশন পেতে পারেন, অথবা কেবল তখনই নোটিফিকেশন পাবেন যখন কেউ তাদের মেনশন করবে বা তাদের বার্তার উত্তর দেবে।

ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত হয়েছে—এখন থেকে ইভেন্ট অ্যাটাচ করার অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই চ্যাটের মধ্যে বিভিন্ন ইভেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের তথ্য শেয়ার করতে পারবেন।

আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেটে বিশেষ সুবিধা রয়েছে। তারা এখন চাইলে হোয়াটসঅ্যাপকে তাদের ডিফল্ট কল ও মেসেজ অ্যাপ হিসেবে সেট করতে পারবেন। এছাড়াও, আরেকটি নতুন ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। এই সুবিধা ব্যবহার করতে অ্যাটাচমেন্ট অপশন থেকে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশনটি নির্বাচন করতে হবে এবং এরপর ধাপে ধাপে ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সংরক্ষণ করা যাবে।

ভিডিও কলের অভিজ্ঞতা আরও উন্নত করতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ভিডিও কলে পিঞ্চ করে জুম ইন-আউট করার সুবিধা পাওয়া যাবে। কল চলাকালীন চ্যাট থেকেই সরাসরি নতুন কোনো কন্টাক্টকে যুক্ত করার অপশন এবং ভালো নেটওয়ার্ক খুঁজে নেওয়ার জন্য উন্নত ভিডিও কল রাউটিং সিস্টেম যুক্ত হয়েছে। এই উন্নত রাউটিং সিস্টেমের ফলে ভিডিও কল আরও স্থিতিশীল এবং উচ্চমানের হবে, কল ড্রপ বা ভিডিও ফ্রিজ হওয়ার মতো সমস্যা অনেকটাই কমবে। অ্যাপটির উন্নত ব্যান্ডউইথ শনাক্তকরণ প্রযুক্তি এখন ইন্টারনেটের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বেশি এইচডি মানের ভিডিও কল করার সুযোগ দেবে।

চ্যানেল ব্যবহারকারীদের জন্যও নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে। চ্যানেল অ্যাডমিনরা এখন ভিডিও নোটস এবং ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার ব্যবহার করতে পারবেন। নিজেদের চ্যানেলের প্রচার আরও সহজ করতে তারা বিশেষ কিউআর কোড শেয়ার করতে পারবেন, যা স্ক্যান করলেই সরাসরি চ্যানেলের লিংকে পৌঁছে যাওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো—চ্যানেল থেকে পাঠানো ভয়েস মেসেজের একটি লিখিত সারাংশ স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা যদি ব্যস্ত থাকেন বা প্রতিটি ভয়েস মেসেজ আলাদা করে শোনার সময় না পান, তাহলে সারাংশটি পড়েই আপডেটেড থাকতে পারবেন।

আপনার ডিভাইসে যদি এখনও এই নতুন ফিচারগুলো না দেখা যায়, তাহলে দ্রুত হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি আপডেট করে নিন এবং উপভোগ করুন এই আকর্ষণীয় নতুন সুবিধাগুলো।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ