“ভারতে এসে কাদের সঙ্গে দেখা করেছিলেন?”- জঙ্গি রানাকে জেরায় আর যা জানতে চাইল NIA

২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে এই প্রথমবার ভারতে জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চলতি সপ্তাহেই আমেরিকা থেকে বিশেষ বিমানে করে ভারতে আনা হয় এই পাক বংশোদ্ভূত কানাডার নাগরিককে। ভারতে পৌঁছানোর পরই এনআইএ তাকে গ্রেফতার করে এবং আদালত তাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, দিল্লিতে এনআইএ সদর দফতরে একটি বিশেষ সেলে রাখা হয়েছে রানাকে, যেখানে মাত্র ১২ জন আধিকারিকের প্রবেশাধিকার রয়েছে। শুক্রবার তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। তবে সূত্রের দাবি, জেরাকালে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে রানা। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই সে ‘আমার মনে নেই’ অথবা ‘আমি জানি না’ বলে জানিয়েছে।
এনআইএ সূত্রে খবর, মুম্বই হামলা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে রানাকে বিস্তারিতভাবে জেরা করার জন্য দীর্ঘ প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে। ভারতে আসার পর সে কাদের সঙ্গে দেখা করেছিল এবং কোথায় বৈঠক হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলিও তাকে করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি এই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলিকে নিয়েও রানাকে জেরা করা হতে পারে।
উল্লেখ্য, ৬৩ বছর বয়সী তাহাউরের প্রত্যর্পণ চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতেই আমেরিকার সুপ্রিম কোর্ট সেই আবেদনে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালে শিকাগোতে গ্রেফতার হওয়ার পর থেকে লস অ্যাঞ্জেলসের কারাগারে বন্দি ছিল তাহাউর। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার যোগসাজশ ছিল এবং লস্কর-ই-তইবাকে সাহায্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মুম্বই হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে হেডলি।
আমেরিকার সুপ্রিম কোর্টে নিজের প্রত্যর্পণ আটকাতে চ্যালেঞ্জ জানিয়েছিল তাহাউর রানা। তবে তার সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এরপরই ভারতে তার প্রত্যর্পণের ছাড়পত্র মেলে। ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়, যাতে ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন। এই হামলার অন্যতম অভিযুক্ত এই তাহাউর রানা। এখন দেখার, এনআইএ-র দীর্ঘ জেরায় রানা মুখ খোলে কিনা।