বহরমপুরে রাস্তার উপরেই ছোট্ট স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে দিনভর বই পড়ার সুযোগ

ডিজিটাল যুগে যখন মোবাইল আর ইন্টারনেট মানুষের অবসর সময়ের সিংহভাগ দখল করে নিচ্ছে, তখন বই পড়ার অভ্যাস ক্রমশ কমছে বলে মনে করেন অনেকেই। শহর থেকে গ্রাম পর্যন্ত বহু লাইব্রেরিতে উপন্যাস, গল্প, কবিতার বইগুলোতে ধুলোর আস্তরণ দেখা যায়। তবে এই পরিস্থিতির ব্যতিক্রম দেখা গেল বহরমপুর শহরে।

বহরমপুরের ব্যারাক স্কোয়ারের পাশে চৌতারায় কয়েকজন শিক্ষানুরাগীর উদ্যোগে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ—রাস্তার উপরেই একটি ছোট্ট লাইব্রেরি। পাশেই চায়ের দোকান, আর তার পাশেই ব্যস্ত ব্যারাক স্কোয়ার। এই স্ট্রিট লাইব্রেরিটি বইপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এই ব্যতিক্রমী লাইব্রেরিতে আপাতত ৩০টি বই রাখা হয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে জীবনানন্দ দাশ, যেকোনো লেখকের বই দিনের যেকোনো সময় সাধারণ পাঠক সেখানে বসে পড়তে পারেন। ছোটদের জন্যও রয়েছে কিছু শিশু সাহিত্যের বই।

শত প্রতিকূলতা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে সাধারণ পাঠকদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলিতে ‘স্ট্রিট লাইব্রেরি’ জনপ্রিয় হলেও আমাদের রাজ্যে এই ধরনের লাইব্রেরির ধারণা এখনও তেমনভাবে পরিচিতি লাভ করেনি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহরমপুরের চৌতারায় বহু মানুষের আনাগোনা লেগেই থাকে। প্রাতঃভ্রমণকারীরা এখানে বিশ্রাম নেন, গ্রাম থেকে শহরে আসা মানুষজনও কিছুটা সময় এখানে কাটান। সেই চৌতারায় এবার বই পড়ার সুযোগ পাওয়ায় খুশি বইপ্রেমীরাও। এই লাইব্রেরির অন্যতম উদ্যোক্তা অর্ধেন্দু বিশ্বাস পেশায় শিক্ষক। রাস্তার মোড়ে, মানুষের আড্ডার জায়গায় এই স্ট্রিট লাইব্রেরি তৈরি করার ভাবনা তার। বহরমপুরের চৌতারায় তৈরি হওয়া এই ছোট্ট লাইব্রেরিটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে এবং যে কেউ এসে এখানে বই পড়তে পারবেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এর জন্য কোনো চাঁদা দিতে হবে না। বইপ্রেমীরা যখন খুশি এসে বই পড়তে পারবেন এবং বই পড়ার অভ্যাসকে আরও উৎসাহিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা।