বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ, প্রতিবাদের ডাক শুভেন্দু অধিকারীর

কলকাতায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় মুখ খুলেছেন এবং এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি এই কাজকে ‘উগ্রপন্থীদের’ কাজ বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই ঘটনায় ইতিমধ্যেই তালতলা থানায় একটি হিন্দু সংগঠন অভিযোগ দায়ের করেছে। শ্রী রাম স্বাভিমান পরিষদ ট্রাস্টের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে।

বৃহস্পতিবার ওয়াকফ আইনের প্রতিবাদে জামাত উল উলেমা হিন্দের একটি বিক্ষোভ মিছিল কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের জেরে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় কলকাতার লেনিন সরণিতে একটি বাসে লাগানো গেরুয়া পতাকা জোর করে খুলে দেন কয়েকজন আন্দোলনকারী। এই ঘটনার একটি ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও এই ঘটনার ছবি পোস্ট করে সরব হয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় এই মর্মান্তিক দৃশ্য! সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতীক একটি গেরুয়া পতাকাকে একটি উগ্রপন্থী দল বাস থেকে জোর করে খুলে নিয়েছে। স্বামীজি কি এই তথাকথিত সম্প্রীতি এবং সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই ধরনের কর্মকাণ্ড ঘটে, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ন্যূনতম সম্মানও কি আর অবশিষ্ট নেই? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার শাসনামলে কি হিন্দু হওয়াটাই এখন অপরাধ? নাকি আপনার একমাত্র নীতি এখন তোষণ?’

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘ওটা কোনও বিজেপির দলীয় পতাকা ছিল না। ওটা ছিল একটি ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা। এটা হিন্দুদের বিশ্বাসের অপমান। কলকাতায় প্রকাশ্য রাস্তায় গেরুয়া পতাকা খোলা হয়েছে? বাসচালককে পুলিশের সামনেই সেই পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। হিন্দু সংগঠনগুলি গতকালই থানায় একটি এফআইআর দায়ের করেছে। আজ আমরা ডিসি সেন্ট্রালে এর প্রতিবাদ জানাব। আগামীকাল হনুমান জয়ন্তী এবং সেই উপলক্ষে পুরো রাজ্যজুড়ে এর প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।’

বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এখানে আপনি হামাস, প্যালেস্তাইন, পাকিস্তান, সিরিয়া এবং আইসিস-এর পতাকা উড়তে দেখবেন, কিন্তু একটি গাড়ির থেকে রাম নবমীর পতাকা সরিয়ে ফেলা হয়। কলকাতা কি ঢাকা, সিরিয়া নাকি আফগানিস্তান হয়ে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এটাই চান?’

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।