SSC-দফতর অভিযান ঘিরে সল্টলেকে কড়া নজরদারির নির্দেশ, মোতায়ন ১২০০ পুলিশকর্মী !

এসএসসি দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের পর, চাকরি ফেরতের দাবিতে শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকের করুণামী চত্বরে জমায়েত শুরু হয়ে এসএসসি দফতরের দিকে পদযাত্রা করার কর্মসূচি রয়েছে তাদের। এই কর্মসূচি ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সল্টলেক জুড়ে ব্যাপক সতর্কতা জারি করেছে বিধাননগর পুলিশ।

সল্টলেক জুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ ডিভিশন থেকেও বাড়তি ফোর্স আনা হয়েছে। গোটা এলাকার উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর:

কোন পথে এগোচ্ছে SSC, কী করছে রাজ্য? আজ চাকরিহারাদের সঙ্গে আলোচনা ব্রাত্যর
মাইনে পাবেন তো চাকরিহারা শিক্ষকরা? ব্রাত্যর উত্তরে কি মিলল স্পষ্ট বার্তা!
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং বহু সংখ্যক ইন্সপেক্টর গোটা জমায়েতকে বিভিন্ন ভাগে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে ঢুকে প্ররোচনা দিয়ে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আকাশপথেও নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, এই প্রতিবাদ মিছিলে প্রায় আট হাজার মানুষ অংশ নিতে পারেন। সেই কারণে সল্টলেকের বিভিন্ন মেট্রো স্টেশনগুলোতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

এই ব্যাপক তৎপরতার মূল কারণ হল এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ। ২০১৬ সালের গোটা নিয়োগপ্যানেল বাতিল হওয়ার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাদের জীবিকা হারানোর আশঙ্কায় আন্দোলনে নেমেছেন এবং শুক্রবারের এসএসসি দফতর অভিযান সেই আন্দোলনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কর্মসূচিকে কেন্দ্র করে সল্টলেকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।