OMG! ঋতুমতী হওয়ায় ক্লাসরুমের বাইরে পরীক্ষা দিতে হলো ছাত্রীকে, ঘটনায় নিন্দার ঝড়

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির এক দলিত ছাত্রীকে ঋতুমতী হওয়ার কারণে ক্লাসরুমের বাইরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এই অমানবিক ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, স্কুলের প্রিন্সিপালের নির্দেশেই ওই ছাত্রীকে ক্লাসের বাইরে বারান্দায় বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেয়েটি একা বারান্দায় বসে পরীক্ষা দিচ্ছে এবং একজন মহিলা এগিয়ে এসে তার এভাবে বসার কারণ জানতে চান। তখনই পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় ছাত্রীর পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে তামিলনাড়ুর শিক্ষা দপ্তর। অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই স্কুলের পরিচালন কমিটির কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী অনবিল মহেশ এই ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, স্কুলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো প্রকার অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না।

এই ঘটনা ফের একবার সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরল। ঋতুমতী হওয়ার মতো একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে কেন্দ্র করে এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।