শরবতের প্রচারে ‘জেহাদের’ ডাক বাবা রামদেবের, বিতর্ক তুঙ্গে

ফের একবার বিতর্ক দানা বাঁধল যোগগুরু বাবা রামদেবের একটি মন্তব্য ঘিরে। নিজের সংস্থা পতঞ্জলির শরবতের প্রচার করতে গিয়ে তিনি ‘শরবত জেহাদের’ ডাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রামদেবকে এই বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে। যদিও এশিয়ানেট নিউজ বাংলা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
পতঞ্জলি বাজারে তাদের নতুন শরবত আনছে। সেই পণ্যের প্রচারের একটি অনুষ্ঠানে রামদেব ‘শরবত জেহাদের’ ডাক দেন বলে অভিযোগ। পতঞ্জলি প্রোডাক্টসের ফেসবুক অ্যাকাউন্টে এই বিতর্কিত ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “আপনার পরিবার ও নিষ্পাপ শিশুদের কোল্ড ড্রিঙ্কস ও শরবত জিহাদের নামে বিক্রি হওয়া টয়লেট ক্লিনারের বিষ থেকে রক্ষা করুন। বাড়িতে কেবল পতঞ্জলির শরবত ও জুস আনুন।”
এই ভিডিওতে বাজারে বিক্রি হওয়া অন্যান্য সফট ড্রিঙ্কস নিয়েও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় রামদেবকে। তিনি বলেন, “গ্রীষ্মের দাবদাহে টয়লেট ক্লিনারের সমতুল্য বিষাক্ত সফট ড্রিঙ্কস পান করেন অনেকে। আরেক দল শরবত বিক্রি করেছে। তাদের উদ্দেশ্য হল সেই অর্থ দিয়ে মসজিদ আর মাদ্রাসা তৈরি করা।” তবে এই ‘আরেক দল’ কারা, সে বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি রামদেব।
সমালোচকদের একাংশের মতে, রামদেব সরাসরি কোনো সংস্থার নাম না করলেও, তার নিশানায় ছিল হামদর্দের জনপ্রিয় পানীয় রুহ আফজা। কারণ ভিডিওতে রামদেবকে বলতে শোনা যায়, তাদের গোলাপ শরবত বিক্রির টাকা গুরুকুল, আচার্যকুল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় ও ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতির জন্য কাজে আসবে। এরপরই তিনি ‘লাভ জেহাদের’ প্রসঙ্গ উত্থাপন করেন।
রামদেবের এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ তার এই ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। সমালোচকদের অনেকেই বলছেন, যোগগুরু রামদেব যেন শরবতের মধ্যেও ধর্মীয় বিভাজন টেনে এনেছেন।
উল্লেখ্য, এর আগেও বাবা রামদেব একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। এবার শরবতের প্রচারে ‘জেহাদের’ মতো শব্দ ব্যবহার করায় নতুন করে বিতর্ক তৈরি হল। পতঞ্জলি বা বাবা রামদেবের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।