এসএসকেএম-এ জাল সার্টিফিকেট দেখিয়ে ভর্তির অভিযোগ, তৎপর প্রশাসন !

রাজ্যের প্রথম সারির হাসপাতাল এসএসকেএম-এ এবার জাল সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির অভিযোগ উঠল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে এই অভিযোগ আসার পরেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হয়েছে।

দফতর এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে, ওই পড়ুয়ার জাতিগত শংসাপত্রটি আসল নাকি ভুয়ো? এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজেও এক পড়ুয়ার জাল সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ ওঠায় তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। এবার এসএসকেএম-এর মতো প্রথম সারির হাসপাতালে একই অভিযোগ ওঠায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্রুত জবাব চাওয়া হয়েছে।

ইতিমধ্যেই জাল শংসাপত্রের ইস্যু ঘিরে রাজ্য সরকার দুজন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। ওই দুই আধিকারিক একজন খড়গপুর ও একজন ব্যারাকপুরে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, গত দেড় বছরে চোদ্দশোরও বেশি জাল কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের পর এবার এসএসকেএম হাসপাতালে ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে মেডিকেল পাঠক্রম পড়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত এই অভিযোগের সত্যতা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেবে বলে আশা করা যাচ্ছে।