“জনরোষ সামলাতে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন ‘মমতা”! মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন

সরকারি হোক বা বেসরকারি, বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন। তার ওপর দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ‘যোগ্য’ প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বঞ্চিত প্রার্থীদের আইনজীবী বিকাশ বলেন, জনরোষ সামলাতে মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন।

সম্প্রতি ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছিলেন। এবার পাল্টা মুখ খুললেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ তথা আইনজীবী। তিনি বলেন, ‘চাকরিহারা অথবা বঞ্চিত কাউকে নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও ভাবনা নেই। ওনার একমাত্র ভাবনা ভাইপোকে নিয়ে। ওনার আশঙ্কা এখন যদি চাকরিহারারা টাকা ফেরত চায়! সেই কারণে উনি নতুন নাটক শুরু করেছেন’।

বিকাশ ভট্টাচার্য আরও দাবি করেন, এক ধাক্কায় এত বিপুল সংখ্যক মানুষের চাকরি চলে যাওয়ায় সমাজে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছে। সেই জনরোষ প্রশমিত করার জন্যই মুখ্যমন্ত্রী চাকরি ফিরিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন, এই ঘটনায় শুধু চাকরিহারারাই নন, ২০১৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ লক্ষ যুবক-যুবতীও প্রতারিত হয়েছেন। স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁদের মধ্যে অনেকেই চাকরি পেতে পারতেন বলে মত প্রকাশ করেন এই বাম নেতা।

বিকাশ ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য, ‘আদালত বলেছে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত। ফলে কে যোগ্য আর কে অযোগ্য, তা নির্ধারণের ভিত্তি কী হবে? বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে এবং তার কিছু চিহ্নিত করা হয়েছে। যে দুর্নীতি হয়নি, তার নিশ্চয়তা কে দেবে? বিশেষত যখন উদ্দেশ্যই ছিল দুর্নীতি করা’।

চাকরিহারা প্রার্থীদের উদ্দেশ্যে বিকাশরঞ্জন ভট্টাচার্যের পরামর্শ, তাঁরা যেন আদালতের নির্দেশের বাইরে অন্য কারও কথায় বিভ্রান্ত না হন। আদালতের নির্দেশনার বাইরে কোনো পদক্ষেপ না নেওয়ার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পর সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ‘রঙ’ না দেখে প্রত্যেকের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি মনে করেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন আসলে জনরোষ প্রশমিত করার জন্য, কারণ তাঁর আসল চিন্তা কেবল ‘ভাইপো’কে নিয়েই।