“শুধুমাত্র বিশাল সংখ্যক ভক্তের সমর্থনের জোরে দলে থাকা স্বার্থপরতা”, রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক KKR অলরাউন্ডার !

ভারত এমন একটি ক্রিকেট খেলিয়ে দেশ, যেখানে খেলোয়াড়রা প্রায়শই ভক্তদের অন্ধ ভালোবাসায় দেবত্বের আসনে অধিষ্ঠিত হন। তবে, এই অতিরিক্ত অনুরাগ অনেক সময় দলের বড় শিরোপা জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বলে সমালোচকদের অভিমত। বর্তমানে, ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে থাকা নিয়ে জোরদার আলোচনা চলছে। আন্তর্জাতিক মঞ্চে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারলেও, তাদের আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে দলে তাদের স্থায়িত্ব প্রশ্নের মুখে।

এই স্পর্শকাতর বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি। ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় নিজের মতামত ব্যক্ত করেছেন। মঈন মনে করেন, শুধুমাত্র বিশাল সংখ্যক ভক্তের সমর্থনের ওপর ভিত্তি করে কোনো খেলোয়াড়ের জাতীয় দলে টিকে থাকা উচিত নয়।

মঈনের মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যেমন আইপিএল, একটি ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগের মতো। সেখানে যদি ফ্র্যাঞ্চাইজি রাজি থাকে, তাহলে কোনো খেলোয়াড় তার সেরা ফর্মে না থাকলেও খেলা চালিয়ে যেতে পারে। তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এক জিনিস, এটা ব্যক্তিগত মালিকানাধীন একটা উদ্যোগের মতো। ফ্র্যাঞ্চাইজি যদি ঠিক থাকে, তাহলে আপনি খেলতে পারেন। আর এটা টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু যখন আপনি একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, সেটা টেস্ট হোক বা ওয়ানডে, তখন নিজের প্রতি আরও কঠোরভাবে ভাবা উচিত। আমি যদি ইংল্যান্ডকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখতাম, তাহলে আমি খেলা চালিয়ে যেতাম। কারণ আমি জানি আমার ক্ষমতা আছে। কিন্তু ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিনিধিত্ব করে, আর সেখানে বেছে নেওয়ার জন্য অনেক খেলোয়াড় থাকে। তাই আমি অবসর নিয়েছি, যাতে নতুনদের জায়গা করে দেওয়া যায়।”

যখন মঈনকে বলা হয় যে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ভারতীয় তারকাদের জন্য তাদের বিশাল ভক্তকুলের কারণে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তখন তিনি জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজেদের থেকেই আসা উচিত। রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান খরায় ভুগছেন এই অভিজ্ঞ ওপেনার। চলমান আইপিএলেও তার পরিসংখ্যান তার পারফরম্যান্সের উদ্বেগজনক পতনের চিত্র তুলে ধরছে। মঈন স্পষ্ট ভাষায় বলেন, “আমি নিশ্চিতভাবে মনে করি, শুধু আপনি বড় নাম বা আপনার বিশাল ফ্যান ফলোয়িং আছে বলে দলে টিকে থাকা উচিত নয়। এটা কখনোই আপনার ব্যক্তিগত লক্ষ্যের জন্য হওয়া উচিত নয়।”

তিনি আরও কঠোর ভাষায় বলেন, এমনভাবে দলে টিকে থাকার প্রবণতাকে ‘স্বার্থপরতা’ হিসেবে চিহ্নিত করা যায়। মঈনের জোরালো বক্তব্য, “শুধু টিকে থাকার জন্য স্বার্থপরের মতো টিকে থাকবেন না। একটু বাস্তববাদী হোন এবং ভাবুন, আমি কি টিকে থাকার যোগ্য? আমি কি দলকে আরও কিছু দিতে পারি? যদি দল নতুন দিকে যেতে চায়, তাহলে আমার মনে হয় সেই সুযোগ দেওয়া উচিত। যদি আপনার পারফরম্যান্স ভালো না হয়, আপনার বয়স একটু বেশি হয়ে যায়, আর তরুণ খেলোয়াড়রা উঠে আসছে এবং তারা এখন আপনার থেকে ভালো খেলছে, তাহলে নিজের প্রতি সৎ হওয়া উচিত। এটা মানে এই নয় যে তারা আপনার থেকে সবসময় ভালো, কিন্তু এই মুহূর্তে তারা আপনার থেকে ভালো খেলছে। তখন আপনার আরও বাস্তববাদী এবং সৎ হওয়া উচিত।” মঈন আলীর এই মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।