মহাবীর জয়ন্তীতে ব্লু লাইনে কম মেট্রো, কোন লাইনে কত পরিষেবা দেখেনিন?

আগামীকাল, ১০ই এপ্রিল, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা কমাচ্ছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন ব্লু লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) দিনের বেলা ২৬২টির পরিবর্তে ২৩৬টি মেট্রো চলবে। এর মধ্যে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা পাওয়া যাবে।
মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে সরকারি ছুটি থাকায় বহু স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকবে। ফলে ব্লু লাইনে যাত্রীর সংখ্যা কম থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই রুটে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
ব্লু লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে:
নোয়াপাড়া থেকে কবি সুভাষ: সকাল ৬টা ৫০ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫০ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৬টা ৫৫ মিনিট
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৫ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (শেষ মেট্রো): রাত ৯টা ৩০ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (শেষ মেট্রো): রাত ৯টা ২৮ মিনিট
কবি সুভাষ থেকে দমদম (শেষ মেট্রো): রাত ৯টা ৪০ মিনিট
অন্যান্য দিনের মতোই, ব্লু লাইনে ১০ই এপ্রিল রাত্রিকালীন বিশেষ মেট্রো পরিষেবাও চালু থাকবে। কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে ট্রেন রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
অন্যদিকে, গ্রিন লাইন 1 (শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ)-এ বৃহস্পতিবার ৯০টি মেট্রো পরিষেবা চলবে। এর মধ্যে ৪৫টি আপ এবং ৪৫টি ডাউন পরিষেবা পাওয়া যাবে। সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। এই লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে।
তবে, গ্রিন লাইন 2 (এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান), পার্পেল লাইন (জোকা থেকে মাঝেরহাট) ও অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে রুবি) অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।