নয়া অর্থবর্ষে বড় সিদ্ধান্ত RBI-এর, রেপো রেট কমল কত শতাংশ? জানলে চমকে যাবেন

নতুন অর্থবর্ষের শুরুতেই বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে।
আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ, বুধবার প্রথম আর্থিক কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রতি দুই মাস অন্তর আরবিআইয়ের আর্থিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। সেই সময় পাঁচ বছর পর রেপো রেটে পরিবর্তন এনেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফের দুই মাস পর রেপো রেট পরিবর্তনের এই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রেপো রেট হল সেই হার, যে হারে আরবিআই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। সাধারণত রেপো রেট কমলে ব্যাঙ্কগুলি সুদের হার কমিয়ে থাকে। এর ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি (ইএমআই) কিছুটা কমে যায়।
রেপো রেট কমানোর ফলে এবার গাড়ি ও বাড়ির ঋণের মাসিক কিস্তি কমার সম্ভাবনা প্রবল। এপ্রিল মাসের এই বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি ২০২৫-২০২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি (মোট দেশজ উৎপাদন) বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছেন।
সঞ্জয় মালহোত্রা বলেন, “চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে তা বেড়ে ৬.৭ শতাংশ হতে পারে। তবে, চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে ৬.৩ শতাংশে পৌঁছাতে পারে।”
আরবিআইয়ের এই সিদ্ধান্ত সাধারণ ঋণগ্রহীতাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে। সুদের হার কমলে গাড়ি, বাড়ি বা অন্যান্য ঋণের ইএমআই-এর বোঝা কিছুটা হলেও লাঘব হবে। একইসঙ্গে, জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে একটি ধারণা দিল।