ডিজি নিয়োগে যোগীর পথে মমতা! নতুন আইন আনছে নবান্ন, প্রস্তাব পাশ মন্ত্রিসভায়

সময়ে অসময়ে উত্তরপ্রদেশ সরকারকে সমালোচিত করতে পিছপা হন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার কার্যত সেই যোগী আদিত্যনাথের দেখানো পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। উত্তরপ্রদেশের ধাঁচে এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে নিয়োগের জন্য নতুন নিয়ম আনতে চলেছে তৃণমূল সরকার। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার এই নতুন নিয়ম প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের একটি বড় ভূমিকা থাকে। ২০০৬ সালের প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যের ডিজির অবসর গ্রহণের তিন মাস আগে রাজ্যের শীর্ষ আইপিএস অফিসারদের একটি তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি) পাঠাতে হয়। ইউপিএসসি সেই তালিকা থেকে বাছাই করে তিনজনের নাম রাজ্য সরকারের কাছে পাঠায় এবং তাদের মধ্য থেকে একজনকে নতুন ডিজি হিসেবে চূড়ান্ত করা হয়। তবে গত বছর এই নিয়ম বাতিল করে নতুন নিয়ম চালু করেছে যোগী সরকার।

উত্তরপ্রদেশের নতুন নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের অধীনেই একটি সিলেকশন কমিটি গঠন করা হয়, যারা নতুন ডিজি নিয়োগ করবে। এক্ষেত্রে কেন্দ্রকে তালিকা পাঠানোর কোনো বাধ্যবাধকতা থাকে না। এবার পশ্চিমবঙ্গ সরকারও সেই একই পদ্ধতি অনুসরণ করতে চলেছে বলে খবর।

কিন্তু হঠাৎ কেন উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করার প্রয়োজন পড়ল, তা নিয়ে ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে, রাজ্যের বর্তমান অস্থায়ী ডিজি রাজীব কুমারের অবসরের দিন এগিয়ে আসছে। স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য রাজীব কুমারের নাম কেন্দ্রে পাঠানো হলে, তাতে অনুমোদন নাও মিলতে পারে বলে আশঙ্কা করছে নবান্ন। সেই কারণেই এই নতুন নিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে, যেখানে রাজীব কুমারকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা সম্ভব হতে পারে। যদি তিনি ফের স্থায়ী ডিজি হন, তাহলে তার পদে থাকার মেয়াদ আরও দুই বছর বাড়বে। এই সমস্ত দিক বিবেচনা করেই রাজ্য সরকার নতুন নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ডিজি নিয়োগের ক্ষেত্রে উত্তরপ্রদেশের নতুন নিয়মে সিলেকশন কমিটিতে থাকেন ইউপিএসসির প্রতিনিধি, মুখ্যসচিব, একজন অবসরপ্রাপ্ত ডিজি সহ মোট ছয়জন সদস্য। এই কমিটির নেতৃত্ব দেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। জানা যাচ্ছে, এই নতুন নিয়মের জন্য আলাদা করে কোনো নতুন আইন গ্রহণ করা হয়নি। ১৮৬১ সালের ইন্ডিয়ান পুলিশ অ্যাক্টের ভিত্তিতেই এই নতুন নিয়ম তৈরি হয়েছে।

রাজ্য সরকারের এই পদক্ষেপ কেন্দ্রের সঙ্গে সংঘাতের আরও একটি নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আপাতত রাজ্য সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে ডিজি পদে নিয়োগের পথ প্রশস্ত করতে চাইছে বলেই মনে করা হচ্ছে।