ওয়াকফ আইনে সমর্থনের জের, মণিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন, দেখুন সেই ভিডিও

লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) অবশেষে আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) শনিবার রাতেই এই বিলে স্বাক্ষর করেন। তবে, এই বিলকে সমর্থন জানানোর জেরে উত্তপ্ত মণিপুরে (Manipur) তীব্র ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিজেপি নেতা।

ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়। ক্ষিপ্ত জনতা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আসকার আলির বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং এরপর আগুন ধরিয়ে দেয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় বিজেপি নেতার বিশাল বাড়িটি।

ওয়াকফ সংশোধনী বিল ঘিরে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর অবশেষে গত বুধবার গভীর রাতে লোকসভায় এটি পাশ হয়। বিলের পক্ষে ২৮৮টি এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়েছিল। মাত্র ৫৬ ভোটের ব্যবধানে লোকসভায় পাশ হওয়ার পর বিলটি রাজ্যসভায় যায় এবং সেখানেও বৃহস্পতিবার গভীর রাতে ১২৮-৯৫ ভোটে এটি অনুমোদন পায়। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে এই বিলটি আইনে পরিণত হল।

এই বিলটি আইনে পরিণত হওয়ার পরেই মণিপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে থৌবাল জেলায় বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আসকার আলির বাড়িতে একদল ক্ষুব্ধ জনতা হামলা করে। অভিযোগ, নতুন ওয়াকফ আইনকে সমর্থন জানানোর কারণেই স্থানীয় বাসিন্দারা বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে। উত্তেজিত জনতার প্রবল চাপের মুখে পড়ে আসকার আলি পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হন এবং কেন্দ্রীয় সরকারের কাছে নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য আবেদনও জানান। এই ঘটনাটি ওয়াকফ আইন নিয়ে মণিপুরের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।