“১৯ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি”-রক্তক্ষরণ দালাল স্ট্রিটে, সেনসেক্স পড়ল ৩০০০ পয়েন্ট

আশঙ্কা সত্যি করে সোমবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নামল। শুল্ক যুদ্ধ, আর্থিক বৃদ্ধির শ্লথগতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কার জের ধরে দালাল স্ট্রিটে গভীর ক্ষত তৈরি হল। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক ৪ শতাংশের বেশি পড়ে যায়।

এদিন বাজার খোলার পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ১ হাজার ১৪৬ পয়েন্ট কমে ২১ হাজার ৭৫৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩ হাজার ৭২ পয়েন্ট কমে ৭২ হাজার ২৯৬ পয়েন্টে পৌঁছায়। এই ব্যাপক পতনের জেরে মুহূর্তের মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন ১৯.৪ লক্ষ কোটি টাকা কমে যায়।

শুধু সেনসেক্স ও নিফটি ৫০ নয়, দেশের স্টক এক্সচেঞ্জের প্রায় সমস্ত সেক্টরাল ইনডেক্সগুলিও সোমবার ধসে গিয়েছে। নিফটি মিডক্যাপ ৫০ সাড়ে ৪ শতাংশের বেশি এবং নিফটি স্মলক্যাপ ৫০ সাড়ে ৫ শতাংশের বেশি কমেছে। নিফটি মেটাল সূচক কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি ক্যাপিটাল মার্কেট ও নিফটি মিডিয়া ৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। নিফটি আইটিও ৫ শতাংশের বেশি কমেছে। নিফটি রিয়েলটি, নিফটি অটো, নিফটি কমোডিটিস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল সূচকগুলিও সাড়ে চার শতাংশের কাছাকাছি কমেছে।

কেন এই ব্যাপক পতন?

বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জেরেই শেয়ার বাজারের এই রক্তক্ষরণ। ট্রাম্পের ট্যারিফের কারণে বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের পরিস্থিতি আরও জোরালো হয়েছে। এর প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশের শেয়ার বাজারেই ধস দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে এবং ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। জাপান, হংকং, চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো একাধিক বাজারে শেয়ার সূচক ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমেছে। এই বিশ্বব্যাপী মন্দার প্রভাব এড়ানো দালাল স্ট্রিটের পক্ষেও সম্ভব ছিল না।

এছাড়াও, গত কয়েক দিনে বিনিয়োগকারীদের লগ্নি বন্ধ করা এবং শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। এই একাধিক কারণ সম্মিলিতভাবে ভারতীয় শেয়ার বাজারে এই বড় ধসের কারণ হয়েছে। বাজারের এই পতনের ক্ষত কতটা গভীর হবে, সেটাই এখন বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগের কারণ।